February 18, 2026
ঢাকা: মঙ্গলবার ঢাকায় দ্বাদশ এশিয়া কাপের পর্দা উঠছে। বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির পর ক্রিকেটের সবচেয়ে জমকালো আয়োজন এশিয়া কাপ। এশিয়া কাপের এবারের আয়োজক বাংলাদেশ ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি চুড়ান্ত করেছে। এবারের আসরে এশিয়ার পাঁচটি টিম অংশ নিচ্ছে। দলগুলো হলো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এরমধ্যে পঞ্চম দল হিসেবে এবারই প্রথম এশিয়া কাপে যুক্ত হলো আফগানিস্তান। মঙ্গলবার উদ্ধোধনী ম্যাচে মুখোমুখি হবে একাদশ এশিয়া কাপের চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুপুর দুটায় নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। চ্যানেল নাইন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। পরদিন একই মাঠে লড়বে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত ও বাংলাদেশ।
এই টুর্নামেন্টে মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম পাঁচ ম্যাচ ফতুল্লার খান সাহেব ওসমান গণি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনালসহ বাকি ছয়টি ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফতুল্লা স্টেডিয়ামে ২৫ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ, পরদিন ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ভারতের খেলা, ২৭ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম পাকিস্তান ২৮ ফেব্রুয়ারি ভারত বনাম শ্রীলঙ্কার খেলা, ১ মার্চ বাংলাদেশ বনাম আফগানিস্তান একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
তবে ২ মার্চ ভারত বনাম পাকিস্তান ম্যাচ,৩ মার্চ মিরপুর স্টেডিয়ামে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ, ৪ মার্চ বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে একই স্টেডিয়ামে। এছাড়া ৫ মার্চ আফগানিস্তান বনাম ভারত, ৬ মার্চ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা। ৮ মার্চ।ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।