February 17, 2026
টাঙ্গাইল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও জেএমবির সদস্য রাকিব হাসান ক্রসফায়ারে মারা যায়নি। জঙ্গিদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে সে মারা গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। সোমবার দুপুর ২টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল থানার নতুন ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, রাকিব হাসানের তথ্য অনুযায়ী রাতে পলাতক জঙ্গিদের গ্রেফতার করতে গেলে সশস্ত্র জঙ্গিরা ফিল্মি স্টাইলে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা আবারও তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে রাকিব মারা যায়।
প্রতিমন্ত্রী বলেন, পুলিশকে উন্নতমানের প্রশিক্ষণ ও আধুনিক অস্ত্র দেওয়ার চিন্তা-ভাবনা করছি। জঙ্গি, সন্ত্রাসীদের মোকাবেলায় পুলিশ বিভাগকে আধুনিকায়ন করার কাজ চলছে। টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাসিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্থানীয় এমপি আমানুর রহমান খান রানা, ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নূরুজ্জামান, টাঙ্গাইলের জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা।