February 17, 2026
ঢাকা: সদ্য মুক্তি পাওয়া ভারতীয় চলচ্চিত্র গুন্ডে ছবিতে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে আপত্তিকর বক্তব্য থাকায় দেশটির কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি ‘গুন্ডে’ চলচ্চিত্র প্রদর্শন নিষিদ্ধ করার অনুরোধ জানানো হয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান একথা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জানিয়েছে। বাংলাদেশ জানিয়েছে, ছবিটিতে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করায় বাংলাদেশ আহত হয়েছে। এছাড়া ভারত সরকারের ফিল্ম সার্টিফিকেশন কেন্দ্রীয় বোর্ড এ ধরনের সিনেমাটি প্রদর্শনের অনুমতি দেওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ। এ অবস্থায় ভারত সরকারকে গুন্ডে চলচ্চিত্রটি প্রদর্শন নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করেছে ঢাকা। ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, গত ১৪ ফেব্রুয়ারি ‘গুন্ডে’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে বাংলাদেশের জন্মকে দেখানো হয়েছে ভারত-পাকিস্তানের ১৩ দিনের যুদ্ধের ফল হিসেবে, যা শুরু হয় ১৯৭১ সালের ৩ ডিসেম্বর।