February 17, 2026
ময়মনসিংহ প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় পুলিশ ভ্যান থেকে জেএমবির তিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই এলাকায় মহাসড়কে সামান্য বাঁক থাকায় গাড়ির গতি কমিয়ে চলাচল করতে হয়। সাইনবোর্ড এলাকায় পুলিশ ভ্যানটি পৌঁছে সকাল ১০টা ২০ মিনিটে। বাঁক পেরোনোর সময় ভ্যানটির সামনে ও পিছন থেকে দুটি মাইক্রোবাসে করে দুুর্বৃত্তরা গুলি ও ককটেল ছুঁড়তে থাকে পুলিশ ভ্যান লক্ষ্য করে। ককটেল হামলা করে দুর্ব্ত্তৃরা ভ্যানের তালা ভেঙে আসামিদের ছিনতাই করে নিয়ে যায়। এসময় ওই ভ্যানে তিনজন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন। দুর্বৃত্তদের ককটেল ও গুলিতে পুলিশ সদস্য আতিকুল ইসলাম মারা যান। এসআই হাবিবুর রহমান ও কনস্টেবল সোহেল আহত হন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায় পুলিশ ভ্যানটির হেড লাইট, সামনের কাচে গুলির চিহ্ন। ভ্যানের ভেতরে মেঝেতে রক্তের দাগ। আহত পুলিশ সদস্যদের রাইফেল পড়ে আছে মেঝেতে। ঘটনার সময় ভ্যানে চালকসহ পুলিশের চার সদস্য ছিলেন। ঘটনায় আহত পুলিশ সদস্যরা জানিয়েছেন দুই গাড়িতে করে অন্তত আট থেকে ১০ জন হামলা চালায়। এরপর আসামিদের গাড়িতে করে পালিয়ে যায়।