February 16, 2026
ঢাকা: শ্রম নীতিমালার আওতায় আনা হচ্ছে গৃহকর্মীদের। তাদের সুরক্ষায় একটি নীতিমালা তৈরি হচ্ছে। নীতিমালায় থাকবে গৃহকর্মীদের ওপর নির্যাতন বন্ধসহ তাদের অধিকার রক্ষা, কাজের সুযোগ সৃষ্টি, নির্দিষ্ট সময়ে ন্যায্য বেতন প্রাপ্তি এবং তাদের সঙ্গে কী ধরনের আচরণ করতে হবে ইত্যাদি। এই নীতিমালা তৈরির জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী । বোববার দুপুরে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একান্ত বৈঠক করে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের এসব কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গৃহকর্মীদের ব্যাপারে খুবই সহানুভূতিশীল। তিনি গৃহকর্মীদের ওপর নির্যাতন বন্ধসহ তাদের অধিকার রক্ষার জন্য গৃহকর্মী সুরক্ষা নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে শ্রমিকদের স্বার্থরক্ষায় খুব দ্রুত শ্রম আইন সংশোধনেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশনকে এই আইনে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।
শ্রম আইনের ব্যাপারে জানতে চাইলে মুজিবুল হক জানান, বিধি তৈরির কাজ চলছে। মার্চের মধ্যে এটা হবে। আগামী ২৬ তারিখ এটা নিয়ে একটা মিটিংও হবে। এদিকে সরকার বিশ্বব্যাংকের সহায়তায় ঢাকা, চট্টগ্রাম, ঈশ্বরদী ও নীলফামারীর উত্তরা ইপিজেড এলাকায় চারটি প্রশিক্ষণ কেন্দ্র ও ডরমিটরি নির্মাণের কাজে হাত দিয়েছে বলে জানালেন শ্রম প্রতিমন্ত্রী। এজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, এ প্রকল্পের মাধ্যমে উত্তরাঞ্চলের ১৪ হাজার ৪০০ কর্মজীবী নারীর ইপিজেডের পোশাক কারখানায় কর্মসংস্থান হবে। এ ছাড়া মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় প্রায় ৫০০ একর জায়গাজুড়ে গার্মেন্ট পল্লি করা হচ্ছে যাতে পোশাক কারখানাসহ পোশাকশ্রমিকদের বিভিন্ন সংগঠন কাজ করবে। শ্রম প্রতিমন্ত্রী বলেন, আমাদের পোশাক শ্রমিক ভাইদের বেতনের একটা বড় অংশ বাসাভাড়া বাবদ চলে যায়। বাসা মালিকদের ঘন ঘন ভাড়া বৃদ্ধির কারণে এ সমস্যার আরো প্রকট হয়েছে। এদিক থেকেও প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা এসেছে। তিনি বাসাভাড়া বাড়ানো বন্ধের জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী বস্তিবাসীদের নিয়ে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। এজন্য তিনি ন্যূনতম রেটে যাতে বস্তিবাসীরা থাকতে পারেন, এমন কাছাকাছি জায়গায় আবাসন প্রকল্প করার জন্য পরিকল্পনা তৈরির তাগিদ দিয়েছেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক শুল্ক-সুবিধা জিএসপি ফিরে পাওয়ার প্রসঙ্গে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘এ সুবিধা ফিরে পেতে আমরা ১৬ শর্তের মধ্যে ১৩টি পূরণ করেছি।’ এর মধ্যে ২০০ কারখানা পরিদর্শক নিয়োগ আগামী মার্চ-এপ্রিলের মধ্যে হবে বলে জানান মন্ত্রী। এজন্য একটি বিধিমালা আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক করে তৈরি করা হচ্ছে।
ন্যূনতম মজুরিকাঠামো প্রসঙ্গে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘আমার জানামতে, ৮০ থেকে ৮৫ শতাংশ কারখানায় এই কাঠামো বাস্তবায়ন করা হয়েছে। বাকিগুলো অর্ধেক বাকি রেখে এবং অর্ধেক দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে চলছে। তবে আশা করি, আগামী দু-এক মাসের মধ্যে এ সমস্যা কেটে যাবে। এমনিতেই তো নতুন কেনো স্কেল বাস্তবায়ন করতে একটু সময় লাগে। এ ছাড়া সরকার শ্রম আইনের আওতায় শিশু শ্রম বন্ধসহ দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করছে বলে জানান চুন্নু।