পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত করা কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

Posted on February 16, 2014 | in জাতীয় | by

DSC_5346সংসদীয় আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থীকে নির্বাচিত করার গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারা কেন সংবিধানপরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন। মন্ত্রিপরিষদসচিব, আইনসচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত বছরের ১৭ ডিসেম্বর জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খন্দকার আবদুস সালাম সুপ্রিম কোর্টে রিট আবেদনটি করেন। রিটের ওপর আজ (রোববার) শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসান এম এস আজিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমীন সরকার। আইনজীবী হাসান এম এস আজিম জানান, এককভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত করা সংক্রান্ত ১৯ ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চেয়েছেন আদালত। ১০ দিনের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারা অনুসারে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বা মনোনয়নপত্র প্রত্যাহারের পর একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা যায়। এটি সংবিধানের ৭, ১১, ২৭, ৩১, ৬৫ (২), ১২১ ও ১২২ (২) অনুচ্ছেদের পরিপন্থী। প্রসঙ্গত, দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে ১২৭ আসনে আওয়ামী লীগ, ২০ আসনে জাতীয় পার্টি, ৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, ২ আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটি আসনে জাতীয় পার্টি-জেপির প্রার্থী নির্বাচিত হন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud