February 17, 2026
বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে তিনবারের পুরস্কার প্রাপ্ত এক গ্রাম পুলিশকে হত্যার দায়ে চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির চার সদস্যকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এস.এম সোলায়মান এ রায় দেন। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের আবুল শেখের ছেলে শামীম শেখ, ওসমান শেখের ছেলে আনোয়ার শেখ ওরফে ছুটে, একই উপজেলার কাকডাঙ্গা গ্রামের আব্দুল আলী সরদারের ছেলে রনি সরদার ও সোনাখালী গ্রামের হারুন মোল্লার ছেলে হবি মোল্লা। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২৭ জানুয়ারি রাত ৯টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের মৃত. ছহির উদ্দিনের ছেলে গ্রাম পুলিশ হারুন অর রশিদকে চরমপন্থি দলের সদস্যরা গুলি করে হত্যা করে। নিহত হারুন অর রশিদ কর্মক্ষেত্রে বিভিন্ন অবদানের জন্য তিনবার পুরস্কার পেয়েছেন। ঘটনার পরদিন হারুন অর রশিদের ভাই মো. হিরু শেখ বাদী হয়ে ফকিরহাট থানায় অজ্ঞাত আসামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্তের দায়িত্ব পায়। দীর্ঘ তদন্ত শেষে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল চন্দ্র বনিক চরমপন্থি দলের পাঁচ সদস্যকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলার বিচার কাজ চলাকালে অভিযুক্ত পাঁচজনের মধ্যে এক আসামির মৃত্যু হয়। বাকি আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। মামলা পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহাম্মদ আলী এবং আসামি পক্ষে ছিলেন আইনজীবী মাফুজুর রহমান লাহু।