February 17, 2026
হবিগঞ্জ: ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নহে। এই সিদ্ধান্ত একান্তই আমাদের।’ একটি চিরকূটে এ দুটি বাক্য লিখে ইনজেকশন শরীরে পুশ করে আত্মহত্যা করেছেন স্বামী-স্ত্রী। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের শ্যামলীপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা ও পপুলার ফার্মাসিউটিক্যালের রিপ্রেজেন্টেটিভ সাইফুল আলম রেজা (৩৫) ও তার স্ত্রী নুরজাহান বেগম কথা (৩০)।এলাকাবাসী জানান, সাইফুল আলম রেজা ও তার স্ত্রী নুরজাহান বেগম কথাকে নিয়ে মাধবপুর উপজেলা সদরের শ্যামলীপাড়া এলাকায় ডা. ইকবাল হোসেনের বাসায় ভাড়া থাকতেন।
শনিবার বিকেল ৩টা পর্যন্ত ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির মালিক ইকবাল হোসেন তাদের ডাকতে যান। কিন্তু অনেক সময় ডাকাডাকির পরও সাড়া না পেয়ে তিনি পুলিশকে ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে খাটের ওপর স্বামী-স্ত্রীর লাশ পড়ে থাকতে দেখে। এ সময় নিহত দুইজনের হাতে ইনজেকশন পুশের সিরিঞ্জ দেখতে পান। এছাড়াও পুলিশ ওই কক্ষ থেকে ইনজেকশন পুশের কয়েকটি সিরিঞ্জ, কীটনাশক জাতীয় ইনজেকশন ও একটি চিরকূট উদ্ধার করে। এ ব্যাপারে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, বিষাক্ত কীটনাশক ইনজেকশন পুশ করে স্বামী-স্ত্রী আত্মহত্যা করে থাকতে পারেন। স্বামী-স্ত্রীর লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে।…….বাংলানিউজ