February 17, 2026
ক্ষমতা হারনোর ভয়ে প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-এমপিরা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপির চোয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং প্রতিবেশি রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মাহবুব হোসেন বলেন, ক্ষমতা হারনোর ভয়ে প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-এমপিরা কুরুচিপূর্ণ বক্তব্যে মেতে উঠেছেন। কারণ তারা জানেন, তাদের পায়ের নিচে মাটি নেই। যেকোনো সময় তাদের ক্ষমতা ছাড়তে হবে। এই কারণে তারা প্রতিনিয়ত গণমাধ্যমে বিএনপির নেত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রাখছেন। তিনি বলেন, সংবিধানে উল্লেখ আছে জনগণের রায় নিয়ে সংসদ গঠিত হবে। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের রায় নিয়ে সংসদ গঠন করেননি। ফলে এই সরকার হচ্ছে সংবিধান পরিপন্থী একটি অবৈধ সরকার। তিনি বলেন, সাদা পোশাকধারী কতিপয় কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই বেআইনি কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। খুব শ্রীঘ্র জনগণের বিস্ফোরণে আপনাদের পতন নিশ্চিত হবে। সরকারের পতনের সময় ঘনিয়ে এসেছে। যেকোনো সময় জনবিস্ফোরণে তারা ছিন্ন ভিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি। সরকারের উদ্দেশে মাহবুব বলেন, দেশের জনগণ ও বিদেশিদের দাবি মেনে নিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন, অন্যথায় আপনাদের অস্তিত্ব সংকটের মধ্য পড়বে।
আয়োজক সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কল্যাণ পার্টিও চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক এমপি সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট কণ্ঠ শিল্পী মনির খান প্রমুখ।