February 18, 2026
শিবচর(মাদারীপুর): চলতি বছরের জুন মাসেই দশ হাজার কোটি টাকা ব্যয়ে মূল পদ্মা সেতুর কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে মাদারীপুর জেলার শিবচরের মাদবরের চর এলাকায় পদ্মা সেতুর প্রাথমিক কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। বাংলাদেশের বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর স্বপ্ন এখন সত্য হতে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু এখন আর কোনো স্বপ্ন নয়। চলতি বছরের জুনে দশ হাজার কোটি টাকা ব্যয়ে মূল পদ্মা সেতু ও জুলাইয়ে সাত হাজার কোটি টাকার নদী শাসন কাজ শুরু হবে।’ ওবায়দুল কাদের জানান, বিশ্বব্যাংকের যাচাই করা যে পাঁচটি কোম্পানি দরপত্র ক্রয় করেছিল তারাই নদী শাসনের কাজে অংশ নিয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি তারা টেকনিকেল অফার দেবে। মন্ত্রী আশা করে বলেন, ‘যাচাই বাছাই শেষে জুলাইয়ের মধ্যেই নদী শাসনের কাজ শুরু হবে।’ যোগাযোগমন্ত্রী এসময় পদ্মা সেতুর বিভিন্ন চলমান প্রকল্প পরিদর্শন করে অগ্রগতির তথ্য তুলে ধরেন ঢাকা ও স্থানীয় সাংবাদিকদের কাছে। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
প্রসঙ্গত, এর আগে গত ২১ জানুয়ারি সেতু ভবনে কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়াং উং এবং ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের সঙ্গে পৃথক বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের একই তথ্য জানিয়ে বলেছিলেন, ‘আগামী জুন মাসের মধ্যে পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে।’