February 18, 2026
ঢাকা: অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাভার থেকে ৫জনকে আটক করেছে র্যাব। শুক্রবার দিবাগত গভীর রাতে সাভারের আমীনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা হলো- প্রায় ১ বছর পূর্বে অবসরে যাওয়া সেনা সদস্য রেজাউল হক, সাভার মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) ফাজিকুল ইসলাম, পুলিশের সোর্স মিরান খান, স্থানীয় সন্ত্রাসী সামসুল হক ও সুজন। এ অভিযানের সময় র্যাবের কর্মকর্তা ক্যাপ্টেন নাহিদ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সংঘবদ্ধ একটি অপহরণকারী চক্র চট্টগ্রামের এক ব্যবসায়ীকে জিম্মি করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর সদস্যরা শুক্রবার রাত ১২টার দিকে সাভার আমিনবাজারের অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থান নিয়ে থাকা ওই চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে র্যাব তাদের তাড়া করে কয়েকজনকে ধরে ফেললে তারা র্যাবের উপর হামলা চালায়। এ সময় র্যাবের ক্যাপ্টেন নাহিদ আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ সদস্য ফাজিকুল ইসলামের কাছ থেকে ১ টি পিস্তল ও ১৩ রাউন্ড গুলি এবং সাবেক সেনা সদস্য রেজাউল হকের কাছ থেকে আরো ১ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।