February 18, 2026
ঢাকা: বর্তমান সরকারের মন্ত্রিত্ব না নিলেই ভালো হতো বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি। শনিবার সকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এরশাদ বলেন, দশম জাতীয় সংসদেও বিরোধী দল নিয়ে মানুষের মধ্যে যে রকম প্রশ্ন আছে, আমারও সে রকম প্রশ্ন আছে। বিরোধী দলের কাজ সরকারের সমালোচনা করা। এতে সরকার ও জনগণের উপকার হয়। তিনি বলেন, সরকারের সদস্য হিসেবে আমার দলের কিছু মন্ত্রী আছেন। তারপরও দায়িত্ব যেহেতু নিয়েছি, আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবো এবং সরকারের ভুল ত্রুটির সমালোচনা করবো। এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, সংসদীয় কমিটিতে আমি থাকবো না। কিন্তু দলের অন্যরা থাকবেন। যে রাজনীতি ছাত্রছাত্রীদের ধ্বংস করে দেয় সে রাজনীতি চান না বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ বশির উদ্দিন।