February 19, 2026
সিলেট: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিসহ অন্যান্য বিষয় নিয়ে ‘চাপ দিয়ে’ যুক্তরাষ্ট্র ভুল করছে। বিএনপির দুষ্টু বুদ্ধির জন্য এটা তারা করছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, মানুষ ভোট দিয়েছে, আমরা নির্বাচিত হয়েছি। বিএনপির প্ররোচণায় যুক্তরাষ্ট্র জিএসপি নিয়ে বাংলাদেশের সঙ্গে অসদাচরণ করছে। সব শর্ত পূরণের পর যদি জিএসপি না দেওয়া হয় তাহলে বুঝতে হবে এটা রাজনৈতিক কারণে দেওয়া হয়নি। আজ সিলেট শহরতলীর কুমারগাঁওয়ে বেসরকারি শাহজাহান উল্লাহ জেনারেশন পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন শেষে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ গত ৫ই জানুয়ারির নির্বাচন নিয়ে প্রশ্ন তোলায় সরকার মধ্যবর্তী নির্বাচনের দিকে যাবে কিনা- এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, এই সরকার বৈধ সরকার, আমেরিকা এটা ভুল করছে, অন্যরা ভুল করছে। এ সময় তিনি বলেন, আগামী অর্থবছরে দেশের বাজেটের আকার আড়াই লাখ কোটি টাকার মতো হবে। তবে গত ৬ই ফেব্রুয়ারি সচিবালয়ে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেছিলেন, অর্থবছরের বাজেটের আকার কমিয়ে ২ লাখ ১১ হাজার ২২০ কোটি করা হতে পারে। উল্লেখ্য, চলতি ২০১৩-১৪ অর্থবছরে বাজেটের আকার ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা।