February 22, 2026
ঢাবি : বর্ধিত ফি ও অতিরিক্ত বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের ডাকা ধর্মঘটে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রম অচল হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এন্ড ফিল্ম স্টাডিজ বিভাগে অতিরিক্ত ফি নির্ধারণ করার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়। মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, সকাল ৭টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের কলাভবন, সামাজিক বিজ্ঞান, আরসি মজুমদার ভবনসহ পাঁচটি ফটকে তালা ঝুলিয়ে দেয় প্রগতিশীল বাম সংগঠনের নেতাকর্মীরা।
ধর্মঘটের কথা শুনে আগের দিনই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেয়। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের কোন বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি। দুপুর সাড়ে ১২টার দিকে এসব ভবনের তালা খুলে দেয়া হলেও কোন বিভাগে ক্লাস হয়নি।
এদিকে প্রগতিশীল বাম সংগঠনের নেতাকর্মীরা জানিয়েছেন, দাবি মানা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে। ছাত্রফ্রন্টের ঢাবি আহ্বায়ক প্রীতিলতা জানান, এ বিষয়ে আগামীকাল জোটের বৈঠক বসার কথা রয়েছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে উপাচার্য বরাবর আল্টিমেটাম দেয়া হবে।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ধর্মঘটের ডাক দেন তারা। এ সময় বর্ধিত ফি প্রত্যাহার এবং বিভিন্ন বিভাগে অতিরিক্ত বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবি জানানো হয়।