February 22, 2026
ঢাকা: উপজেলা নির্বাচনে এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতার আশঙ্কা করছে না নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনী এলাকায় ৫ দিনের জন্য সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইসি। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের মাঠপর্যায়ের প্রতিবেদন কমিশনে এখনও আসা শুরু হয়নি। বিচ্ছিন্নভাবে যা আসছে তাতে কোথাও কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ‘আগামীকাল আমরা ডিসি ও এসপিদের সঙ্গে বৈঠক করব। সেখানে হয়তও পুরো পরিস্থিতি জানা যাবে। আমরা চাই কারও চোখে কোনো অনিয়ম ধরা পড়লে তা যেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানান। এছাড়া এ নির্বাচন পরিচালনার জন্য এরইমধ্যে আচরণবিধি প্রতিপালনে জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারাও নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ভূমিকা রাখবেন।’
ইসি উপজেলা নির্বাচনে ৫ দিনের জন্য সেনাবাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, নির্বাচনের দিনসহ নির্বাচনের আগে-পরে দুদিন করে সেনাবাহিনী আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করবে। চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা সম্পর্কে তিনি বলেন, এরইমধ্যে তিন ধাপে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ১৯ ও ২৭ ফেব্রুয়ারি প্রথম ও দ্বিতীয় ধাপের ভোট হবে। তৃতীয় ধাপের ভোট হবে ১৫ মার্চ। মার্চের শেষ সপ্তাহে চতুর্থ ধাপের ভোটের বিষয়টি মাথায় রাখা রয়েছে।
দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন সম্পর্কে শাহনেওয়াজ বলেন, আইন অনুসারে নির্বাচিত সংসদ সদস্যরা তারা কে কোন দলে বা জোটে যাবেন ২১ কর্ম দিবসের মধ্যে তা জমা দিতে হয়। তা তারা দিয়েছেন। সংসদ সদস্যদের সংরক্ষিত নারী আসনের ভোটার হওয়ার বিষয়টি কমিশনকে অবগত করানোর ৩০ কর্মদিবসের ভোটার তালিকা বোর্ডে টানাতে হয় উল্লেখ করে তিনি বলেন, এখনও সেসময় পার হয়নি। সময় হলে তা টানানো হবে।
ভোটার তালিকা তৈরি হওয়ার পর সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি।