পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আলু রপ্তানি শুরু মঙ্গলবার

Posted on February 10, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

potato_3443434ঢাকা: এবছর প্রথমবারের মতো বিদেশে আলু রপ্তানি শুরু হচ্ছে মঙ্গলবার। গত বছরের তুলনায় চলতি বছরে আলু রপ্তানি দিগুণ হবে বলে আশা করছে কৃষি মন্ত্রণালয়। সোমবার কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বীজ উইং মহাপরিচালক আনোয়ার ফারুক তথ্যটি নিশ্চিত করেন।  আনোয়ার ফারুক বাংলানিউজকে বলেন, আগামীকাল (মঙ্গলবার) প্রথমবারের মতো রাশিয়ায় ১০ কনটেইনার (২৮০ টন) আলু রপ্তানির মধ্য দিয়ে এ বছর বিদেশে আলু রপ্তানি শুরু হচ্ছে। নতুন দেশ হিসেবে রাশিয়া এবার ২০ হাজার টন আলু কিনবে বাংলাদেশ থেকে।  তিনি জানান, গত বছর বিদেশে আলু রপ্তানি হয়েছিল প্রায় ৯০ হাজার মেট্রিক টন। চলতি বছরে প্রায় দেড় লাখ মেট্রিক টন আলু রপ্তানি হবে বলে আশা করা যাচ্ছে। বেসরকারি কোম্পানির মাধ্যমে আলু রপ্তানি করা হয়। তবে অন্য বছরের তুলনায় গত কয়েক বছর ধরে রপ্তানিকারক ব্যবসায়ীরা প্রণোদনা বেশি পাচ্ছেন। শতকরা ২০ ভাগ প্রণোদনা পাচ্ছেন তারা।  আনোয়ার ফারুক আরও জানান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সুংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, কুয়েত, দুবাই ও ওমানের সঙ্গে এ বছর আলুর আমদানিকারক নতুন দেশ হিসেবে রাশিয়া, ফিলিপাইন ও তাইওয়ান যোগ হচ্ছে। এ কারণে আলুর বাজারে অনেকটাই স্থিতিশীলতা আসবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা।

আনোয়ার ফারুক বলেন, আলু রপ্তানি বিষয়ে সোমবার কৃষি মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় কৃষি মন্ত্রণালয়, অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ীরা মতবিনিময় করেন।  বৈঠকে উপস্থিত ছিলেন আলু রপ্তানিকারক বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পটেটো এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. শেখ আবদুল কাদের।  তিনি  বলেন, ‍আলু  রপ্তানিতে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো আমরা তুলে ধরেছি। বিশেষ করে কনটেইনার পাওয়া যায় না এবং দূরে বলে জাহাজ কোম্পানি আলু নিতে চায় না। এসব সমস্যার সমাধান চেয়েছি।  আবদুল কাদেরের বেসরকারি কোম্পানি এগ্রি কনসার্ন কাল থেকে আলু রপ্তানি করবে। তিনি জানান, রাশিয়ায় আলু রপ্তানি ইতিবাচক ঘটনা।

গত বছরের তুলনায় এবার অনেক আলু রপ্তানি হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud