February 23, 2026
ঢাকা: রাজধানী ও আশেপাশের এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণাকারী ২০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে মিন্টো রোডের মহানগর ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয় এসব প্রতারককে। গত ২৪ ঘন্টায় কেরানিগঞ্জ ও পশ্চিম রামপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম বলেন, আটককৃতরা ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করত । আটককৃতদের ১৪ জনকে মিরপুর মডেল থানা পুলিশ কেরাণিগঞ্জ থেকে এবং বাকিদের পশ্চিম রামপুরা থেকে আটক করে মহানগর ডিবি পুলিশ ।
তাদের কাছ থেকে চারটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল, একটি শ্যুটার গান, এক রাউন্ড গুলি, ৫ জোড়া হাতকড়া, ৩টি ওয়াকিটকি, ৩টি স্পিকার ও দুটি সিগন্যাল ড্রেস জব্দ করা হয়েছে। বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে চালান করা হয়েছে।