February 23, 2026
ঢাকা: আটটি সাধারণ শিক্ষাবোর্ডের অধীন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীন দাখিল ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা আজ রোববার সকাল ১০টায় শুরু হয়েছে।চলবে ১টা পর্যন্ত। এসএসসি পর্যায়ে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র দিয়ে এবং কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষার মাধ্যমে দাখিল পরীক্ষা শুরু হলো। আর এসএসসি ভোকেশনাল পরীক্ষাও শুরু হয়েছে বাংলার মধ্য দিয়ে।
এসএসসি পরীক্ষার সূচি অনুযায়ী ২২ মার্চ পর্যন্ত তত্ত্বীয় বিষয়ে ও ২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪টি বিষয় বাদ দিয়ে অন্য সব বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্রের মাধ্যমে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৪ লাখ ৩২ হাজার ৪২৭ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। চলতি বছর মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ছাত্রের সংখ্যা সাত লাখ ৩৩ হাজার ২০২ এবং ছাত্রীর সংখ্যা ছয় লাখ ৯৯ হাজার ৫২৫ জন। এবার ৮টি সাধারণ শিক্ষাবোডের্র অধীনে এসএসসিতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা হলো ১০ লাখ ৯০ হাজার ৫৫৫ জন। এর মধ্যে ছাত্র পাঁচ লাখ ৩৬ হাজার ২১৭ জন ও ছাত্রী পাঁচ লাখ ৫৪ হাজার ৩৩৮ জন।
দাখিল পরীক্ষায় মোট শিক্ষার্থী দুই লাখ ৩৯ হাজার ৭৪৯ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ২১ হাজার ৬০১ জন ও ছাত্রী এক লাখ ১৮ হাজার ১৪৮ জন। এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ দুই হাজার ৪২৩ জন। এর মধ্যে ছাত্র ৭৫ হাজার ৩৮৪ জন ও ছাত্রী ২৭ হাজার ৩৯ জন।
এবার দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, ত্রিপলী, দোহা, আবুধাবী.দুবাই ও বাহরাইনের ৭টি কেন্দ্র থেকে মোট ২৯৬ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১৬০ জন ছাত্রী রয়েছে। এবার বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজী ১ম ও ২য় পত্র এবং গণিত বিষয় ছাড়া অন্য সব বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।
ফলাফল ৬০ দিনের মধ্যেই: শিক্ষামন্ত্রী পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মতিঝিল বয়েজ স্কুলকেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবং পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। বাইরে অপেক্ষমান সাংবাদিকদের এসময় তিনি বলেন, এবার যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে আশা করা যায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা হবে। আর পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে। এর কোনো ব্যতয় হবে না।
তিনি আরও বলেন, আশা করছি কেউ বাধা সৃষ্টি করবেন না। উপজেলা নির্বাচনের কারণে ২টি পরীক্ষা পিছিয়েছে। তা যাই হোক মে মাসের মধ্যে ফল প্রকাশ করলে জুন মাস ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা। ১ জুলাই ক্লাস শুরু করা যাবে।