February 23, 2026
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন ডিলসকে চার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুর পৌনে একটার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন সুলতানা এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আদালতে হাজির করে তার বিরুদ্ধে চার মামলায় পৃথকভাবে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগরীর মতিহার থানার উপপরিদর্শক (এসআই) মোমেন সরকার ও অলি উদ্দিন আকবর।
শুনানি শেষে আদালত নয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে একটি মামলায় তিনদিন এবং বাকি তিনটি মামলায় দুই দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। এর আগে গত ৫ ফেব্রুয়ারি বুধবার বিকেল সাড়ে চারটার দিকে রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া এলাকা থেকে তাকে আটক করে মতিহার থানা পুলিশ। পরে রাবি ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা চারটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি.এম. শামসুন নূর জানান, আদালতের রিমান্ড মঞ্জুর হওয়া আদেশের কাগজ এখনো তাদের হাতে এসে পৌঁছায়নি।
তবে চার মামলায় পৃথকভাবে সাতদিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালতের আদেশ আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। প্রসঙ্গত, দেলোয়ার হোসেন ডিলস রাবি ছাত্রলীগ শাখার সহসভাপতি ও মাদার বখশ হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ঘটনার দিন প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার সময় তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়।