April 24, 2026
ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হতে বাকি আর মাত্র তিন দিন। তার মধ্যে আজ শেষ শুক্রবার। আর তাই স্টলে স্টলে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। বিশেষ করে নিত্যব্যবহার্য তৈজসপত্র এবং গয়না ও প্রসাধনসামগ্রী কেনার ধুম পড়েছে। আর মূল্য ছাড় ঘোষণা দিয়ে অবিরাম ক্রেতা আকর্ষণের চেষ্টা করছে বিভিন্ন প্রতিষ্ঠান। তাই এসব প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন ও স্টলে ক্রেতাদের ভিড় অন্য দোকানগুলোর তুলনায় অনেক বেশি।
রাজধানীর কাজীপাড়া থেকে আসা সেলিনা রহমান জানান, আজ মেলার শেষ শুক্রবার হওয়ায় প্রয়োজনীয় কিছু কেনাকেটা করতে এসেছেন। তিনি বলেন, এর আগে একদিন ঘুরতে এসেছিলাম। আজ কিনতে এসেছি। ১৫০০ টাকায় তিনটি থ্রিপিস কিনেছি। দুই ডজন চুরি, কিছু ক্লিপ আর একটি মালার সেট কিনেছি। মেলায় ভারত, ইরান, তুরস্ক, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বাহারি পণ্যের স্টলগুলোয়ও চলছে বেশ বেচাকেনা।
ইরানী মেলামাইনের স্টলের এসিসটেন্ট ম্যানেজার শাহরিয়ার হোসেন জানান, আজ আর কালই তো বিক্রি হবে। সকাল থেকেই বিক্রি বেশ ভালো। তবে মেলা শুরুর দিকে বিক্রি ভালো ছিল না। তাই মেলার সময় আর কিছু দিন বাড়ালে ভালো হতো। তবে এবারের মেলায় অন্যান্য যেকোনো বারের চেয়ে বিক্রি তুলনামূলক কম বলে জানালেন থ্রিপিসের দোকান কেবিএস কালেকশনের ক্যাশ ম্যানেজার আনিস রহমান।
তিনি বলেন, এবার শুরু থেকেই বিক্রি কম। শুধু ছুটির দিনগুলোতে বিক্রি একটু বেশি ছিল তবে একটি আন্তর্জাতিক মেলা হিসেবে যেভাবে বেচা-বিক্রির কথা ছিল তা হয়নি। শুধু বাড়তি চিন্তা করতে হয়েছে। মেলায় শুক্রবারের বিকেলে হাঁড়িপাতিল, ওভেন, থালাবাটি, সসপেন, ননস্টিকি হাঁড়িপাতিল, প্রেসার কুকার, হটপট, চামচসহ নানা ধরনের তৈজসপত্রের দোকানেও ক্রেতাদের সমাগম লক্ষ্য করা গেছে।
এবারের বাণিজ্য মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, ইরান, চীন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, তুরস্কসহ প্রায় ১২টি দেশের পণ্য প্রদর্শিত হচ্ছে। বিদেশি কোম্পানিগুলোর জন্য এবার বরাদ্দ ৭৭টি স্টল। মেলায় মোট ৪৭৩টি স্টল রয়েছে। মেলায় ব্যবসায়ীরা সময় বাড়ানোর দাবি জনালেও তা বাড়ছে না। ১০ ফেব্রুয়ারি শেষ হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।