April 29, 2026
ঢাকা: বাংলাদেশে নিজেদের টাওয়ার নেটওয়ার্ক বিক্রি করে দেওয়ার কথা ভাবছে ভারতি এয়ারটেল। তহবিল সংগ্রহের জন্য এমনটি ভাবা হচ্ছে বলে জানা গেছে। শুধু বাংলাদেশের টাওয়ার বিক্রি করে তারা ২০ কোটি ডলার সংগ্রহ করতে পারবে বলে আশা করছে এয়ারটেল। এয়ারটেল নিজেদের টাওয়ার নেটওয়ার্ক অবকাঠামো বিক্রি করে ২০ কোটি ডলার সংগ্রহ করতে চায় বলে বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এয়ারটেলের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতি এন্টারপ্রাইজেস’র সিইও সুনীল মিত্তালের মালিকানাধীন ভারতি এয়ারটেল এরইমধ্যে বাংলাদেশ ও আফ্রিকায় তাদের টাওয়ার নেটওয়ার্ক বিক্রির জন্য আলাদা প্রস্তাব পেয়েছে।
বাংলাদেশে প্রায় ৮৩ লাখ গ্রাহককে মোবাইল সেবা প্রদানকারী, বিশ্বের চতুর্থ বৃহত্তম মোবাইল ফোন অপারেটর এয়ারটেলের নেটওয়ার্কে প্রায় চার হাজার টাওয়ার রয়েছে। আর আফ্রিকার ১৭টি দেশে তাদের গ্রাহক সংখ্যা ৬ কোটি ৬৩ লাখ। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এয়ারটেলের চার হাজার টাওয়ার নেটওয়ার্ক বিক্রির করার পরিকল্পনা করছে ভারতি এয়ারটেল। আফ্রিকায়ও টাওয়ার বিক্রির বিষয়টি শোনা গেছে।
নেটওয়ার্ক বিক্রির বিষয়ে ভারতির এক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাদের কথা বলার কোনো এখতিয়ার নেই। তবে বাংলাদেশ ও আফ্রিকায় টাওয়ার নেটওয়ার্ক বিক্রির পরিকল্পনার বিষয়টি নাকচ করেননি তিনি। আফ্রিকার প্রায় ১৫ হাজার টাওয়ার নেটওয়ার্ক বিক্রির মাধ্যমে ১৫০ -১৮০ কোটি ডলার তহবিলের প্রত্যাশা করছে ভারতি। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচের কয়েকটি কোম্পানি এ ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে বলে সূত্র জানিয়েছে।
গতবছর দুবাইভিত্তিক ধাবি গ্রুপের কাছ থেকে ওয়ারিদ টেলিকমের ৩০ ভাগ শেয়ার কিনে নেয় ভারতি।