April 28, 2026
ঢাকা: দুর্নীতি দমন কমিশন (দুদক) দ্বৈত নীতি মেনে চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জামিন মঞ্জুর হওয়ার পর এর বিরুদ্ধে আপিল করার মধ্য দিয়ে তা প্রমাণ করল দুদক। মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ অভিযোগ করেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। রিপন বলেন, রাজনৈতিক ভাবে হয়রানির উদ্দেশ্যে জামিন পাওয়ার পরও তারেক রহমানের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছে দুদক। তিনি দুদককে এই নীতি পরিহারের আহবান জানান।
তিনি দাবি করেন, জনগণের রায় ছাড়া যে সরকার গঠিত হয়েছে তাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতেই অবমাননা করা হয়েছে। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা সেনাবাহিনী ধ্বংস করতে চেয়েছিল, তাদের মুখে সেনাবাহিনী নিয়ে মায়া কান্না মানায় না। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যকে ভূতের মূখে রাম রাম উল্লেখ করে রিপন বলেন, পঁচাত্তর পরবর্তী সেনাবাহিনীর অভ্যন্তরে কিছু বিশৃংখলা সৃষ্টির পেছনে সমাজতান্ত্রিক দলের সৈনিক সংস্থা ও গণবাহিনীর ভূমিকা সবারই জানা। এজন্য বর্তমান তথ্যমন্ত্রী জেলও খেটেছেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে ক্ষমা করে দিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে বিএনপির প্রশিক্ষণ সম্পাদক কাজী আসাদ, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন এবং আব্দুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।