April 28, 2026
ঢাকা: ‘ভারতীয় সৈন্য বাহিনী বাংলাদেশের যৌথ বাহিনীর সঙ্গে একত্রিত হয়ে হামলা করেছে’- খালেদা জিয়ার এমন বক্তব্য দেশের সার্বভৌমত্ব ও সশস্ত্র বাহিনী নিয়ে খেলা করার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। একই সঙ্গে এমন ভুল বক্তব্য দেওয়ার জন্য বিএনপি চেয়ারপাসনকে ক্ষমা চাইতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এ মন্তব্য করেন।
আশরাফুল ইসলাম বলেন, ইনকিলাব ভুল তথ্য প্রকাশের জন্য যেমন ক্ষমা চেয়েছে, ঠিক তেমনি খালেদা জিয়াকে ভুল বক্তব্য দেওয়ার জন্য ক্ষমা চাইতে হবে। খালেদা জিয়ার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আমি আশা করছি তিনি ২৪ ঘণ্টা মধ্যে তার এ বক্তব্য তুলে নেবেন।
তিনি আরও বলেন, কেউ যদি দেশের সার্বভৌমত্ব নিয়ে এমন খেলায় লিপ্ত হন, তার বিরুদ্ধে অবশ্যই সরকার ব্যবস্থা নেবে।