April 25, 2026
ঢাকা: গণতন্ত্র পুনরুদ্ধারে গণতন্ত্রকামী মানুষ জিয়ার আদর্শে শপথ নিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগর জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, গণতন্ত্রের নামে বর্তমান সরকার জগদ্দল পাথরের মতো জনগণের ওপর চেপে বসেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে এক সঙ্গে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, নব্য স্বৈরাচারী সরকার গণতন্ত্রের নামে মানুষের ভোটাধিকার হরণ করে গায়ের জোড়ে ক্ষমতায় ঠিকে থাকতে চায়।
এ সময় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্নে করলে মির্জা ফখরুল উত্তর না দিয়ে মাজার থেকে বের হয়ে যান। এর আগে সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে জিয়ার মাজারে শ্রদ্ধা জানান এবং দোয়া শেষে মোনাজাত করেন। এ সময় বিএনপি ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ১৯৩৬ সালের এই দিনে (১৯ জানুয়ারি) বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। ১৯৮১ সালে এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে মর্মান্তিকভাবে নিহত হন।
জিয়াউর রহমান সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় ১৯৭১ সালের ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ‘বীর উত্তম’ খেতাবপ্রাপ্ত হন।