April 19, 2026
লালমনিরহাট: জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে সারা দেশে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে ভোর থেকেই পিকেটিংএর ঘটনা ঘটেছে। লালমনিরহাটের পাটগ্রামে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। লালমনিরহাট থেকে প্রতিনিধি জানান, পুলিশের গুলিতে উপজেলা শিবিরের সভাপতি মমিনুল ইসলাম (২২) নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর গুলিবিদ্ধ আরও এক শিবির কর্মীর মৃত্যু হয়। ঘটনাস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আবদুর রহমান (৫০) নামে আরেক জামায়াত কর্মীর। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জামায়াত-শিবিরের আরও ৫০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন জামায়াত নেতারা। বিক্ষুব্ধ জামায়াত-শিবির কর্মীরা পরে স্থানীয় আওয়ামী লীগের এক কর্মীকে পিটিয়ে হত্যা করেছে। তার নাম মিন্টু (৪০)।