May 9, 2026
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে ৮ জনকে ধরে পিটুনি দিয়ে শাহবাগ থানায় সোপর্দ করেছে ছাত্রলীগ। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে স্যার এফ রহমান হলে এ ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
হল সূত্রে জানা যায়, ঢাবি শাখা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল্লার কর্মীরা শিবির সন্দেহে ৮ জনকে রাতে আটক করে। এদের মধ্যে রিয়াদ হল ডিবেটিং ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং শামীম হল ডিবেটিং ক্লাবের সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। বাকিরা হলো- সোহাগ, তমাল, আবদুল্লাহ, শিব্বির আহমেদ, রিয়াদ, শামীম।
মেহেদী হাসান মোল্লার অনুসারী রনি, সাহেদ, মাকসুদ, ইসতিয়াক বলেন, আটককৃতরা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে জিহাদী বই উদ্ধার করা হয়েছে। তাই তাদের পুলিশের হাতে হস্তান্তর করেছি।
হল প্রভোস্ট অধ্যাপক ড. আজিজুর রহমান বলেন, সাধারণ শিক্ষার্থীরা যদি শিবিরকে প্রতিহত করে তাহলে আমাদের কিছুই করার নেই। তবে ভোরে ঝামেলার কথা শুনেই আমি হলে এসে প্রোক্টরের হাতে তুলে দিয়েছি।
ভারপ্রাপ্ত প্রোক্টর ড. আমজাদ আলী বলেন, শিবিরের সঙ্গে সম্পৃক্ততা থাকায় ৮ জনকে শাহবাগ থানায় পাঠিয়ে দিয়েছি।