May 7, 2026
ঢাকা : ৭,৯০০ ইউরো বা ৮ লাখ ৩৬ হাজার টাকারও বেশি দামের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন ‘ভার্চু টিআই’ বানাচ্ছে যুক্তরাজ্যের বিলাসবহুল স্মার্টফোন নির্মাতা ভার্চু। বিবিসি জানিয়েছে, হ্যাম্পশায়ারের চার্চ ক্রোকহ্যামে ভার্চুর প্রধান কার্যালয়ে টাইটেনিয়াম ফ্রেমের স্মার্টফোনগুলো বানাচ্ছে প্রতিষ্ঠানটি।
২০১২ সালের অক্টোবর পর্যন্ত ভার্চুর মালিকানা ছিলো নোকিয়ার নিয়ন্ত্রণে। স্মার্টফোন বাজারে ধুঁকতে থাকা নোকিয়া বিলাসবহুল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটিকে বিক্রি করে দেয় ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান ইকিউটি ভিআই-এর কাছে।
ভার্চু টিআই-এর ডিজাইন করেছেন হাচ হাচিসন। স্মার্টফোনটির ফ্রেম বানানো হয়েছে টাইটেনিয়াম ব্যবহার করে। আর স্ক্রিনটি তৈরিতে ব্যবহার করা হয়েছে স্যাফায়ার, যাতে আঁচড় কাটতে পারে একমাত্র হীরা।
প্রতিটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন তৈরি করা হবে হাতে হাতে। আর স্মার্টফোনগুলোর সি কার্ড হোল্ডারে লেজার দিয়ে খোদাই করে লেখা থাকবে কর্মীর নাম। ১৮০ গ্রাম ওজন হওয়ায় এটি প্রচলিত স্মার্টফোনগুলোর তুলনায় একটু ভারি।
স্মার্টফোনটিতে আছে একটি বিশেষ ‘কনসিয়ের্জ’ বাটন। পৃথিবীর যেকোনো জায়গা থেকেই কনসিয়ের্জ বাটনটি চেপে ব্যবহারকারকারী কথা বলতে পারবেন আন্তর্জাতিক সাপোর্ট টিমের সঙ্গে। ব্যবহারকারীকে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিয়ে সাহায্য করবেন সাপোর্ট টিমের সদস্যরা।