May 29, 2026
ঢাকা : ডিএমপির অনুমতি না পাওয়ায় ঢাকা মহানগরীর বিক্ষোভ স্থগিত করে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি বহাল রেখেছে ১৮ দলীয় জোট। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় ১৮ দলের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের এজেন্টরা পরিকল্পিতভাবে সারা দেশে নাশকতা চালাচ্ছে। সরকারের দমন-পীড়নের অংশ হিসেবে গ্রেফতার প্রক্রিয়ার জন্য শাহবাগে গাড়ি পোড়ানো মামলায় বিএনপি নেতাদের জড়ানো হয়েছে।’ তিনি আরও বলেন, গোটা দেশে নাশকতার জন্য সরকার দায়ী। এ নাশকতার পেছনে তাদের পেইড এজেন্টরাই জড়িত। কয়েকদিন আগে ছাত্রলীগের সভাপতি বিরোধী দলীয় নেতার বাসায় বোমা মারার হুমকি দিয়েছে। এরপর এ ধরণের ঘটনা কারা ঘটিয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। সরকার বিরোধীদল দমনে উঠে পরে লেগেছে। জনগণ তার জবাব দিবে। গণজোয়ারের ঢেউ কেউ ঠেকাতে পারবে না। মিথ্যা ও বানোয়াট মামলায় বিএনপি নেতাদের জড়ানো হয়েছে উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। বিরোধী নেতাদের গ্রেফতার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে রিজভী বলেন, আমি একটি কবিতার লাইন উচ্চারণ করে বলতে চাই, ‘সূর্যের আলো হাত দিয়ে বল রুধিতে পারে কি কেউ? আমাদের ধরে ঠেকাতে পারবে কি গণজোয়ারের ঢেউ।’ এসময় তিনি সকল দলের অংশ গ্রহণ নিশ্চিত করে সবার কাছে আস্থাশীল একটি নির্বাচনের পরিবেশ তৈরি করার আহ্বান জানান। তিনি বলেন, বিরোধীদল দমনে সরকার সিরিজ কর্মসূচি দিয়েছে। গোটা দেশেকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে। এর মধ্যে ব্যক্তিগত ক্ষমতার খায়েস পূরণ করতে চাচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তি দাবি করায় জার্মান রাষ্ট্রদূতের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।