May 5, 2026
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে জোর করে শাহবাগের আন্দোলনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। প্রশাসনকে জানালে হিতে বিপরীত হতে পারে তাই এ নিয়ে মুখ খুলছেন না অনেকে।
জানা যায়, মঙ্গলবার বিকালে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে সাধারণ শিক্ষার্থীদের জোড় করে শাহবাগে নিয়ে যান। পরে তারা লাইব্রেরিতে তালা মেরে দেন। এসময় দীর্ঘক্ষণ ধরে লাইব্রেরি বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তবে লাইব্রেরিয়ান অধ্যাপক ড.এসএম জাবেদ আহমদ বিষয়টি জানেন না বলে দাবি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ কর্মীরা লাইব্রেরির ভিতরে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সেøাগান দিয়ে সবাইকে বের করে নিয়ে আসে। এ সময় যেসব শিক্ষার্থীরা শাহবাগ যেতে অপারগতা প্রকাশ করে তাদের শিবিরের অভিযোগ এনে মারধর করার হুমকি দেয়া হয়। অনেকের গাঁয়ে হাত তোলে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এসব ক্ষেত্রে প্রথম বর্ষের শিক্ষার্থীরা বেশি হয়রানীর স্বীকার হচ্ছেন। হলে থাকতে হলে আন্দোলনে নিয়মিত থাকতে হবে এ শর্তের কারণে বাধ্য হয়ে সাধারণ শিক্ষার্থীরা পড়াশোনার মূল্যবান সময় নষ্ট করে প্রজন্ম চত্বরে দিনরাত অবস্থান করছেন ।
অনেকে এ জন্য ছাত্রলীগ নেতাদের কাছে মিথ্যা কথা বলে গ্রামের বাড়ি চলেও যাচ্ছে। বিভিন্ন হল সূত্র মতে আন্দোলনের কারণে ক্লাশ ঠিকমত না হওয়া আর ছাত্রলীগের নির্যাতনের কারণে অনেকেই হল ছেড়ে চলে গেছেন।
এদিকে সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল কমিটি হবে এমন সংবাদে পদ প্রত্যাশীরা শাহবাগে সর্বোচ্চ উপস্থিতির জন্য সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনও চালাচ্ছেন। অনেককে আবার আন্দোলনে না গেলে শিবির অভিযোগে হল থেকে বের করে দেওয়ার হুমকী দেয়া হচ্ছে। প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান, আইন, ইতিহাস, সমাজবিজ্ঞানসহ কযেকটি বিষয়ের শিক্ষার্থীরা এ বিষয়ে অভিযোগ করেছেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে অধ্যায়নরত অনেক শিক্ষার্থীকে মঙ্গলবার সকাল ১০ টার দিকে জোর করে ছাত্রলীগের নেতাকর্মীরা শাহবাগের আন্দোলনে নিয়ে যায়। যারা সেখানে যেতে অনিচ্ছা প্রকাশ করেন তাদের মারধরের হুমকী দেয়া হয়।
এ নিয়ে লাইব্রেরিতে নিয়মিত অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম বলেন, লাইব্রেরিতে পড়া অবস্থায় ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আমাদের শাহবাগের আন্দোলনে যেতে বলে। আমার পরীক্ষার কথা বলার পরেও তারা আমাকে বাইরে নিয়ে যায়। এ সময় লাইব্রেরিতেও তারা তালা মেরে রেখে। অনেকে প্রতিবাদ করলে তাদের শিবির অভিযোগ দিয়ে হাত-পা ভেঙ্গে পুলিশের হাতে তুলে দেয়ার হুমকী দেয়।
একই অভিযোগ করেন সমাজ বিজ্ঞান বিভাগে থেকে সদ্য মাস্টার্স শেষ করা বেশ কয়েকজন শিক্ষার্থী।
এদিকে বিভিন্ন হলে খোঁজ নিয়ে জানা যায়, সাধারণ শিক্ষার্থীদের জোর করে আন্দোলনে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের রাতদিন পালাক্রমে সেখানে রাখা হচ্ছে। শিবির অভিযোগ দিয়ে হাত-পা ভেঙ্গে হলের বাইরে পাঠিয়ে দেয়া হবে এমন ভয়ের কারণে অনেক শিক্ষার্থী তাদের নাম প্রকাশ না করতে অনুরোধ করেন।
এমন সব অভিযোগের বিষয়ে ছাত্রলীগের বেশ কয়েকজন সিনিয়র সেতার সঙ্গে কথা বললে তারা এগুলো অপপ্রচার বলে দাবি করেন।