May 6, 2026
জেলা প্রতিনিধি : ময়মনসিংহ সদরে শিবির নিয়ন্ত্রিত একটি মেস ও শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারে আগুন, ইসলামী ব্যাংকের বুথ ভবনে ভাঙচুর করেছে উত্তেজিত জনতা সে সাথে বন্ধ করে দেয়া হয়েছে দিগন্ত টিভির সম্প্রচার। ১১ ফেব্রুয়ারী সোমবার রাত ৮ টা থেকে সাড়ে ১০টায় শহরের ব্রাহ্মপল্লী ও চরপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শহরের সবখানে আতংক বিরাজ করে।
কোতোয়ালী মডেল থানা সূত্রে জানা যায়, উত্তেজিত জনতা শিবিরের ওই মেসে আগুন দিয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, রাত ৮টার কিছু পরে শহরের গাঙিনি মোড় থেকে স্টেশন রোড় পর্যন্ত ১৮টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কিছু বন্দকধারী দুস্কৃতিকারী। এসময় শিববাড়ি মোড় এলাকায় জনতা তাদের ধাওয়া করলে গুলি ছোড়ে দুস্কৃতিকারীরা। এতে একজন গুলিবিদ্ধ হয় এবং ৬ জন আহত হয়। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, শফিকুর রহমান বাবু (১৮), হাবিবুর রহমান হাবিব (৩৫), আরজু (১৪), ইব্রাহিম (৩০), উত্তম ঘোষ (৩৫), আব্দুল হালিম (৯৫) ও হামিদ (২৫)।
এদিকে এ ঘটনার প্রতিবাদে রাত সোয়া ৮টার দিকে তাৎক্ষণিকভাবে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ তরুণ আওয়ামী লীগ নেতা মুহিত-উর রহমান শান্তের নেতৃত্বে লাঠি মিছিল বের করা হয়। এ সময় উত্তেজিত জনতা শহরের ছোট বাজার মোড় এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংকের বুথে হামলা ও ইসলামী ব্যাংক ভবনে ভাঙচুর করে বলে জানা যায়।
রাত সাড়ে ৮টার দিকে জাগো ময়মনসিংহের ব্যানারে পরিবেশবাদী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোতালেব গণজাগরণের মঞ্চ থেকে ময়মনসিংহে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধের ঘোষণা দেন। ইসলামীক টিভির সম্প্রচারও বন্ধ করে দেওয়া হবে বলে তিনি জানান।
পরে রাত পৌনে ৯টায় জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের লোকজন শহরের গাঙ্গিনারপাড় মোড় এলাকায় মিছিল বের করে।