April 23, 2026
ঢাকা: আমদানি ব্যয় বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ৪৭ টাকার পিঁয়াজ ৫৫ টাকায় বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতি কেজি পিঁয়াজ ৪৭ টাকা দরে বিক্রির ঘোষণা দিলেও আড়াই সপ্তাহের মাথায় ৮ টাকা বাড়িয়ে তা ৫৫ টাকায় বিক্রি করা হচ্ছে। পিঁয়াজের মানও আগের মতোই নিম্ন। গত মাসের ২৯ তারিখে (বৃহস্পতিবার) রাজধানীর ৩৫টি স্থানে একযোগে পণ্যবাহী ট্রাকে ৪৭ টাকায় পিঁয়াজ বিক্রির সিদ্ধান্ত হলেও তা বেশিদিন বিক্রি করতে পারেনি টিসিবি।
বর্তমানে বাজারে দেশি পিঁয়াজ মান ভেদে ৮০ থেকে ৮৫ টাকায় এবং আমদানি করা পিঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। এ বিষয়ে টিসিবির আঞ্চলিক কর্মকর্তা মোরশেদ আলম বলেন, ‘আমদানি ব্যয় বাড়ায় পিঁয়াজের দাম বাড়ানো হয়েছে। এছাড়া কর্তৃপক্ষ পণ্যের নতুন মূল্য নির্ধারণ করায় এ সমস্যা সৃষ্টি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘পিঁয়াজ বাদে চিনির দাম কেজি প্রতি ২ টাকা কমে ৪১ টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেল প্রতি লিটার (পেট বোতল) ৪ টাকা কমে ১১৭ টাকায় বিক্রি হচ্ছে। আর মশুর ডালের (তুরস্ক, কানাডা ও মিশর) কেজি প্রতি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।’
রোববার সকালে রাজধানীর দিলকুশাসহ ২৫টি স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করতে দেখা গেছে। এছাড়া ট্রাকে করে চাল, ডাল, পিঁয়াজ এবং তেলও বিক্রি হচ্ছে। গত বৃস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি) মনোজ কুমার রায়ের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে সারাদেশে টিসিবির ডিলারদের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পিঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক রোববার তা কার্যকর হতে দেখা গেছে। তবে আগের মতোই নিম্নমানের পিঁয়াজ দিয়ে ডিলারদের বাজারে পাঠিয়েছে টিসিবি।
মন্ত্রণালয়ের বৈঠকে ভারতের পাশাপাশি চীন, মিয়ানমার ও পাকিস্তান থেকে পিঁয়াজ আমদানির উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া পিঁয়াজ রপ্তানির ক্ষেত্রে ভারত সরকারের বেঁধে দেয়া আদেশ তুলে নেয়ার জন্য বাণিজ্য সচিব মাহবুব আহমেদ ইতোমধ্যেই ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন বরে জানা গেছে। টিসিবির গণসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির জানান, পিঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনতে টিসিবি ৫৫ টাকা কেজি দরে রাজধানীর বিভিন্ন স্থানে পিঁয়াজ বিক্রি শুরু করেছে।