May 27, 2026
বিনোদন ডেস্ক: ‘অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে অনন্তর কাজ’। এটি সময়ের সুপারস্টার অনন্ত অভিনীত গ্রামীণফোনের ইমার্জেন্সি ব্যালেন্স ট্রান্সফারের একটি বিজ্ঞাপনের সংলাপ। গ্রামীণফোনের মতো একটি বৃহৎ মুঠোফোন প্রতিষ্ঠান অনন্তকে প্রাধান্য দিয়ে বিজ্ঞাপনচিত্র নির্মাণ করে মূলত অনন্তর যোগ্যতা এবং চাহিদাকে মূল্যায়ন করেছেন।
এটা একজন শিল্পীর জন্য অনেক বড় সম্মান। সমপ্রতি আরেকটি অসম্ভব কাজকে সম্ভব করেছেন অনন্ত। তার পরিচালিত প্রথম ছবি ‘নিঃস্বার্থ ভালবাসা’ একটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। ছবিটি আইএমডিবি (ইন্টারন্যাশনাল মুভি ডাটাবেজ) রেটিং-এ ৮.৫ পয়েন্ট অর্জন করেছে।
এটি বাংলাদেশের সিনেমা শিল্পের জন্য বিশাল প্রাপ্তি, যা অসম্ভবকে সম্ভব করার মতো। জার্মান থেকে দেশে ফিরে অনন্ত জানালেন, যেখানে আমাকে চলচ্চিত্র জগৎ থেকে বিদায় করার ষড়যন্ত্র করা হচ্ছে সেখানে আমার অভিনীত ও পরিচালিত ছবির এতো বড় অর্জন আমাকে আরও অধিক মাত্রায় অনুপ্রাণিত করেছে বাংলাদেশের সিনেমা শিল্পের জন্য আরও কিছু করতে। অনন্ত বলেন, বাংলাদেশের সিনেমা শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আমার পরবর্তী ছবি ‘মোস্ট ওয়েলকাম টু’-তে আরও বড় চমক নিয়ে দর্শকদের সামনে আসবো। তিনি বলেন, যে ভালবাসা আর অর্জন আমার কপালে জুটছে, সেটাকে আরও সমৃদ্ধ করার জন্য আমি সব সময় ভাল মানের সিনেমা নির্মাণ করে যাবো। কোন ষড়যন্ত্রই আমাকে দাবিয়ে রাখতে পারবে না।