পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

খাদ্যে ভেজাল দিলে ১৪ বছরের কারাদণ্ড

Posted on July 1, 2013 | in জাতীয় | by

15749_1

ঢাকা: খাদ্যে ভেজাল বা ক্ষতিকর রাসায়নিক মেশানোর অপরাধে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকার জরিমানার বিধান রেখে ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া মন্ত্রিসভায় ‘মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও এর ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন, নিয়ন্ত্রণ ইত্যাদি) আইন ২০১৩- এর খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ‘নিরাপদ খাদ্য আইনের খসড়ায় কিছু পর্যবেক্ষণসহ এটি অনুমোদন দেয়া হয়েছে। আইনটি এখন আইন মন্ত্রণালয়য়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। পরে আবার এটি চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।’ তবে এ ঘোষণার প্রায় আধা ঘণ্টা আগে মন্ত্রিপরিষদ সচিব সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছিলেন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে খাদ্য নিরাপত্তা আইন ২০১৩-এর নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা।

পরে বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিলে শাস্তির বিধান পরিবর্তন করা হয়। সচিব বলেন, ‘পিওর ফুড অর্ডিন্যান্স’ নামে ১৯৫৯ সালের একটি আইন ছিল। এটাকে রহিত ও যুগোপযোগী করে এ আইন করা হচ্ছে। একটি স্বতন্ত্র সংস্থার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা হবে, যার নাম দেয়া হয়েছে ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’। এটি একা কাজ করবে না, এটি হবে বর্তমানে খাদ্যের মান বজায় রাখার জন্য যেসব প্রতিষ্ঠান কাজ করছে তাদের সমন্বিত একটি সংস্থা। এ সংস্থাকে সহায়তা দেয়ার জন্য ‘জাতীয় নিরাপদ খাদ্য ব্যবস্থা উপদেষ্টা পরিষদ’ গঠন করা হবে। এর সভাপতি হবেন খাদ্যমন্ত্রী। এ পরিষদকে পরামর্শ দেয়ার জন্যও আলাদা একটি বিশেষজ্ঞ প্যানেলের সমন্বয়ে কমিটি করা হবে।’

তিনি বলেন, ‘খাদ্যে ভেজাল ও রাসায়ানিক উপকরণ পাওয়া গেলে ৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ড এবং ২ বছর থেকে ৭ বছর কারাদণ্ডের পাশাপাশি গুরুতর অপরাধ বিবেচনা করে ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার  বিধান রাখা রয়েছে এ আইনে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud