April 4, 2026
ক্রীড়া ডেস্ক:
প্রত্যাশা ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা শেষেই বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে আকসুর (দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট) রিপোর্ট হাতে বুঝে পাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান। লন্ডনে সভা শেষ হলেও রিপোর্ট দিতে আরও দেরি হবে জানিয়েছে আকসু। সম্ভবত আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ম্যাচ পাতানোর অভিযোগে সাময়িকভাবে নিষিদ্ধ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে তাই থাকতে হচ্ছে মাঠের বাইরেই।
আইসিসির কাছ থেকে বিপিএলে ম্যাচ ফিক্সিং সংক্রান্ত তদন্ত রিপোর্ট পেতে আরো এক মাস বিলম্বিত হতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটের ফিক্সিং তদন্ত শেষে অন্তত এক মাস পর আকসুর কাছ থেকে এই রিপোর্ট পাওয়া যেতে পারে।
লন্ডনে আইসিসির বার্ষিক সাধারণ সভা চলছে। সভায় অংশ নিতে লন্ডনে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানেই ম্যাচ ফিক্সিং সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার কথা ছিল বিসিবির।
তবে রিপোর্ট পেতে আরো বিলম্বিত হওয়ায় আরো অপেক্ষায় থাকতে হচ্ছে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে সাময়িক নিষেধাজ্ঞায় থাকা মোহাম্মদ আশরাফুলকে।
বিপিএলে ম্যাচ গড়াপেটার তদন্ত করতে বেশ কয়েকবার ঢাকায় ঘুরে গেছেন আকসুর কর্মকর্তারা। কথা বলেছেন অনেকের সাথে। তবে বাংলাদেশের বাইরের অনেকের সাথেই এখনও কথা বলে নি আকসু। আর তাই চূড়ান্ত প্রতিবেদন তৈরিতে দেরি হচ্ছে। বিসিবি সভাপতি ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার কাছে তাই আরো সময় চেয়েছে তারা।
আইসিসির বার্ষিক সাধারণ সভায় সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে স্পট ফিক্সিং। শক্তিশালী দুর্নীতি বিরোধী আইন প্রণয়নে সদস্য দেশগুলোকে সুপারিশ করা হবে।
আইসিসির সভা শেষে রোববার দেশে ফেরার কথা বিসিবি সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার।