April 4, 2026
ঢাকাঃ গত ছয় মাসে ৪৩১ জন নারী ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদনে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক অ্যাড, মাসুদা রেহানা বেগম এ তথ্য জানান। প্রতিবেদনে তিনি জানান, ২০১৪ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে অর্থাৎ ছয় মাসে ২ হাজার ২শ ৮জন নারী নির্য়াতনের শিকার হয়েছে।এর মধ্যে ধর্ষনের শিকার হয়েছে ৪শ ৩১জন।গণ ধর্ষনের শিকার হয়েছে ৮২ জন। ধর্ষনের পর হত্যার করা হয়েছে ৪৫জনকে। নারী ধর্ষনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রবণতাকে শুধু নারী নির্যাতন হিসেবে দেখলে হবে না, এটিকে বিশেষ পরিস্থিতি হিসেবে দেখতে হবে।এই সংকটকে সঠিকভাবে চিহ্নিত করে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে জাতীয় আন্দোলন হিসেবে বিবেচনা করে সকল পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, নারী ধর্ষণ মানে নারীকে সমাজে পঙ্গু করে রাখা। কোন পরিবারের উপর কারো ক্ষোভ বা শত্রুতা থাকলে সে পরিবারকে হেনস্থা করার জন্য নারীকে ধর্ষণ করা হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু, সহ-সভাপতি নাহার আহমেদ, লিগ্যাল এ্যাডভোকেসি অ্যাড.মাকসুদা আক্তার প্রমুখ।