April 19, 2026
ঢাকা: ২০১৫ সালের মধ্যে বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২.৮৯ বিলিয়নে পৌঁছাবে যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪২.৪ শতাংশ এবং চলতি বছরের লক্ষ্যমাত্রার থেকে ৬.২ শতাংশ বেশি। বাজার গবেষণা প্রতিষ্ঠান ই-মার্কেটার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গিয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়, ২০১৮ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক বা ৩৬০ কোটি মানুষ প্রতি মাসে কমপক্ষে একবার হলেও ইন্টারনেট ব্যবহার করবে। আর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে কম মূল্যের স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগের সহজলভ্যতার কথা। এদিক থেকে এগিয়ে রয়েছে ভারত কিংবা ইন্দোনেশিয়ার মত উদীয়মান দেশসমূহ। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান আরও বেশি সংখ্যক মানুষকে ইন্টারনেটে সংযুক্ত করতে কাজ করে যাচ্ছে। ফেসবুকের উদ্যোগে গঠিত অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারনেট.অর্গ এর মধ্যে অন্যতম। জাকারবার্গের উদ্যোগে তৈরি এই সংস্থাটি ইতোমধ্যেই কয়েকটি আফ্রিকান দেশে বিনামূল্যে ইন্টারনেট পৌঁছে দিতে কাজ শুরু করেছে।