February 19, 2026
ঢাকা: ১৭ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হবে আগামী ১৪ মার্চ। এসব জেলায় প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলায় পরীক্ষা বাতিল করা হয়েছিল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম বৃহস্পতিবার এ তথ্য জানান। এস এম আশরাফুল ইসলাম বলেন, “ওই দিন সকাল ১০টা থেকে ১১টা পর্ন্ত এই পরীক্ষা হবে। প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়ায় গত বছরের ৮ ডিসেম্বর ১৭ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করা হয়। শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় সাত সেট প্রশ্নের মধ্যে ‘হুয়াংহু’ ও ‘মেসিসিপি’ সেট ফাঁস হয় বলে তদন্তে প্রমাণ মেলে।”
ওই দুই সেটে পরীক্ষা হওয়া ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, লালমনিরহাট ও নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, পাবনা, ঝিনাইদহ, রাজবাড়ী, মেহেরপুর, খুলনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের পরীক্ষা বাতিল করা হয়। প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত করতে গত ১২ নভেম্বর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক মো. আলমগীরকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ৮ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে সরকারি শিক্ষক নিয়োগে এক হাজার ৩৬২টি কেন্দ্রে লিখিত পরীক্ষা হয়। এতে নয় লাখ ৬৮ হাজার ১২৭ জন অংশ নেন।
পরীক্ষার আগের রাতে দেশের বিভিন্ন জেলায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলে পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করে। বেশ কয়েকটি সেটের প্রশ্নে ওই পরীক্ষা নেয়া হয়। প্রাক-প্রাথমিক শ্রেণিতে প্রায় সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগে গত ২ জুলাই বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর।