February 19, 2026
জাহাঙ্গীর কিরণ: উৎসবমুখর পরিবেশের মধ্যে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটযুদ্ধ। দ্বিতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও কক্সবাজারের মহেশখালী এবং চাঁদপুরের হাইমচর উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে এ ধাপে ভোট হবে ১১৫টি উপজেলায়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে টানা ভোটগ্রহণ। নির্বাচনী এলাকায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করছেন। নির্বাচনকে ঘিরে বিএনপি-আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষভাবে প্রার্থী মনোনয়ন ও তাদের পক্ষে প্রচার-প্রচারণা চালানোতে নির্দলীয় উপজেলা নির্বাচন এখন দলীয়ভাবে হচ্ছে। বিএনপির পক্ষ থেকে ইসিতে অভিযোগ করা হয়েছে, তাদের প্রার্থীদের গ্রেফতারসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে। তবে যত কিছুই হোক উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গ্রাম-গঞ্জে সাজ সাজ রব বিরাজ করছে। এটা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
এদিকে উপজেলার দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত মঙ্গলবার মধ্যরাতেই শেষ হয়েছে মিছিল-মিটিংসহ সব ধরনের প্রচার-প্রচারণা। একই সঙ্গে বন্ধ হচ্ছে সব ধরনের যান্ত্রিক যান চলাচল। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে এবার সহিংসতা সৃষ্টিকারীদের কোনো ধরনের ছাড় দেবে না কমিশন। এ বিষয়ে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে কমিশন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে গত মঙ্গলবার থেকেই সংশ্লিষ্ট এলাকগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে। থাকছে পর্যাপ্ত সংখ্যক বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য।
নির্বাচন-পূর্ব নিয়মিত ব্রিফিংয়ে গতকাল বুধবার নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানিয়েছেন, প্রথম ধাপের মতো এবার যেন কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, প্রথম ধাপের নির্বাচনে খুব বেশি সমস্যা হয়নি। তবে কিছু সহিংসতা হয়েছে। সহিংসতা এড়াতে এখন থেকে কোনো ছাড় না দিয়ে সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, বৃহস্পতিবার (আজ) ১১৭ উপজেলার নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা সংক্রান্ত জটিলতার কারণে কক্সবাজারের মহেশখালী এবং চাঁদপুরের হাইমচর উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। ১১৫টি উপজেলায় যথাসময়ে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে জানান তিনি।
নিরাপত্তা বেষ্টনীতে ভোটকেন্দ্র: সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে দ্বিতীয় ধাপের নির্বাচন সম্পন্ন করতে ১১৫টি উপজেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী। নির্বাচনের আগে ও পরে মিলিয়ে মোট পাঁচদিন তারা নির্বাচনী দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে তারা। প্রতি উপজেলায় এক প্লাটুন করে সেনাবাহিনীর সদস্য টহল শুরু করেছেন। বড় উপজেলায় এ সংখ্যা আরো বেশি। পাশাপাশি প্রতি উপজেলায় সেনাবাহিনীর দুই থেকে ৩টি গাড়ি থাকবে। সঙ্গে সেনাবাহিনীর কমান্ডিং অফিসার ও একজন করে ম্যাজিস্ট্রেট রয়েছেন। এছাড়া মোবাইল ফোর্স হিসেবে পর্যাপ্ত পরিমাণ র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতি কেন্দ্রে একজন পুলিশ (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার একজন (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার ১০ জন (মহিলা-৪, পুরুষ-৬ জন) এবং আনসার একজন (লাঠিসহ) ও গ্রামপুলিশ একজন করে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র, পার্বত্য এলাকা, দ্বীপাঞ্চল ও হাওর এলাকায় এ সংখ্যা শুধু পুলিশের ক্ষেত্রে দু’জন হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেটও মাঠে রয়েছেন।
প্রার্থী, ভোটকেন্দ্র, ভোটার ও ভোটগ্রহণ কর্মকর্তা: তফসিল ঘোষিত দ্বিতীয় ধাপের নির্বাচনে ১ হাজার ৩৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৫১৫ জন। ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫২২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩৪০ জন। এসব এলাকায় মোট ভোটার সংখ্যা ১ কোটি ৯৮ লাখ ৫২ হাজার ৯৭ জন। এর মধ্যে ৯৯ লাখ ৩৭ হাজার ৯০৫ জন পুরুষ এবং ৯৯ লাখ ১৪ হাজার ১৯২ জন মহিলা। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮ হাজার ১৪৫টি ও ভোটকক্ষ ৫১ হাজার ৫৮৭টি। প্রতি ভোটকেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনী এলাকায় প্রার্থী, নির্বাচনী কর্মী বা ভোটাদের আইন লঙ্ঘনে তাৎক্ষণিক শাস্তি দিতে প্রতিটি উপজেলায় চারজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। মোবাইল টিমের দায়িত্বে থাকা এসব ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিরা আচরণবিধি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ড দিতে পারবেন। অপরদিকে বিচারিক ম্যাজিস্ট্রেটরা নির্বাচন-পূর্ব অনিয়ম তদন্তে সামারি ট্রায়ালের মাধ্যমে দোষী ব্যক্তিকে তাৎক্ষণিক সাজা ও অর্থদণ্ড দিতে পারেন।
কেন্দ্রীয় মনিটরিং শুরু: নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও ইসি কর্মকর্তাদের সমন্বয়ে কেন্দ্রীয় মনিটরিং সেল কাজ শুরু করেছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা তিন দিন এ সেল কাজ করবে। নির্বাচন-পূর্ব, নির্বাচনের দিন ও নির্বাচন-পরবর্তী অনিয়ম নিয়ে কাজ করবে এ সেল। এছাড়া এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে সংশ্লিষ্ট সংস্থাগুলোর যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং শুরু হয়েছে।
দেশি-বিদেশি পর্যবেক্ষক: সাংবাদিক, দেশীয় এনজিও এবং বিদেশি পর্যবেক্ষকরা উপজেলা নির্বাচন পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন। এ নির্বাচনে চারটি সংস্থার ৭১ জন বিদেশি পর্যবেক্ষক পর্যবেক্ষণ করছেন। এগুলোর মধ্যে এশিয়া ফাউন্ডেশন ২ জন, ইউএস অ্যাম্বাসি ৫৪ জন, জাপান ৯ জন এবং এনডিআই ৬। আর ২৬ দেশীয় এনজিওর ৬ হাজার ৫৮৯ জন নির্বাচন পর্যবেক্ষণ করছেন। অথচ সংসদ নির্বাচনে দেশীয় ১০ হাজার এবং বিদেশি মাত্র ৪ জন পর্যবেক্ষণ করেছিলেন।
যে ১১৫ উপজেলায় আজ ভোট: দ্বিতীয় ধাপে নির্বাচন হতে যাওয়া ১১৭টি উপজেলা হচ্ছে-পঞ্চগড় জেলার তেঁতুলিয়া, বগুড়ার আদমদিঘী ও কাহালু, শাজাহানপুর ও শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, নাটোরের সদর উপজেলা, বাগাতী পাড়া, গুরুদাসপুর ও লালপুর, সিরাজগঞ্জের তাড়াশ, মেহেরপুরের মুজিবনগর ও গাংনি, নেত্রকোনার কলমাকান্দা, বারহাট্টা, পূর্বধলা ও খালিয়াজুরী, মানিকগঞ্জের সদর, হরিরামপুর, ফরিদপুরের বোয়ালমারি, গোপালগঞ্জের সদর উপজেলা ও কোটালিপাড়া, বান্দরবানের থানছি, লামা, রুমা ও রোয়াংছড়ি, টাঙ্গাইলের সীখপুর, জামালপুরের মেলান্দহ, ইসলামপুর ও বকশীগঞ্জ, ঢাকার কেরানীগঞ্জ ও সাভার, ফেনীর সদর, পরশুরাম, কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া, নীলফামারীর কিশোরগঞ্জ, লালমনিরহাটের সদর, হাতীবান্দা ও পাটগ্রাম, গাইবান্ধার পলাশবাড়ী, জয়পুরহাটের সদর, ক্ষেতলাল, কালাই, কুষ্টিয়ার কুমারখালী, খোকসা ও মিরপুর, মাগুরার মোহাম্মদপুর ও শালিখা, চাঁদপুরের সদর, মতলব (উ.), মতলব (দ.) ও ফরিদগঞ্জ, দিনাজপুরের বিরামপুর, চিরিরবন্দর, ঘোড়াঘাট ও বীরগঞ্জ, নওগাঁর সদর, আত্রাই, সাপাহার, বদলগাছী ও ফরিদগঞ্জ, পাবনার চাটমোহর ও ভাংগুড়া, খুলনার ডুমুরিয়া, ময়মনসিংহের সদর, ভালুকা, ঈশ্বরগঞ্জ, নরসিংদীর শিবপুর, চট্টগ্রামের পটিয়া, লোহাগড়া, খাগড়াছড়ির লক্ষীছড়ি, রাঙামাটির কাপ্তাই, ননিয়ার চর, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগী, রানীশংকাইল, কুড়িগ্রামের রাজিবপুর, নগেশ্বরী, রাজারহাট, রাজশাহীর বাঘা, সাতক্ষীরার শ্যামনগর, পিরোজপুরের নাজিরপুর, কাওখালী, মুন্সীগঞ্জের সদর, শ্রীনগর, হবিগঞ্জের চুনারুঘাট, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, নোয়াখালীর সদর, চাটখোল, সোনাইমুড়ি, কোম্পানীগঞ্জ ও কবিরহাট, যশোরের চৌগাছা, ঝিকরগাছা, বাঘারপাড়া ও শার্শা, বরিশালের সদর, ফরিদপুরের সালথা, সিলেটের বালাগঞ্জ, কুমিল্লার দেবীদ্বার, মনোহরগঞ্জ ও লাকশাম, চাঁদপুরের হাইমচর, রংপুরের বদরগঞ্জ, ভোলার চরফ্যাশন, বোরহানউদ্দিন, শেরপুরের ঝিনাইগাতী, মাদারীপুরের শিবচর ও রাজৈর, বাগেরহাটের কচুয়া, ফকিরহাট, ফরিদপুরের নগরকান্দা, সুনামগঞ্জের সদর, দিরাই এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলা।
উল্লেখ্য, দ্বিতীয় দফায় ১১৭ উপজেলার ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ২ ফেব্র“য়ারি, যাচাই-বাছাই হয় ৪ ফেব্র“য়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ১১ ফেব্র“য়ারি। এছাড়া তৃতীয় দফায় ৮৩ উপজেলায় ১৫ মার্চ, চতুর্থ ধাপে ৯২টি উপজেলায় ২৩ মার্চ এবং পঞ্চম ধাপে ৭৪ উপজেলায় ভোট হবে ৩১ মার্চ।