May 29, 2026
চট্টগ্রাম: রাজনীতির নামে হুংকার ছাড়বেন না, আঙ্গুল দেখিয়ে কথা বলবেন না, দা-কুড়ালের হুমকি দেবেন না। আপনারা হুংকার ছাড়লে আমরাও নীরব থাকবো না- বিরোধী দলকে উদ্দেশ্য করে এমন কথা বলেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
তিনি বলেছেন, ‘ক্ষমতা আমাদেরও আছে, কিন্তু দেখাতে চাই না। আমরা সংঘাত চাই না, শান্তি চাই। দা-কুড়াল চাই না, ব্যালট চাই।’ রোববার দুপুরে নগরীর চশমা হিলের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে মহিউদ্দিন চৌধুরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।
সরকারের শেষ সময়ে এসে চট্টগ্রামের রাজনৈতিক মাঠ উত্তপ্ত করার পরিকল্পনা নসাৎ করতে লালদীঘির মাঠে ২৪ ও ২৫ অক্টোবর দুদিন সমাবেশ করার ঘোষণা দেন মহিউদ্দিন।
তিনি বলেন, ‘লালদীঘির মাঠে আমরা ২৪ ও ২৫ অক্টোবর দুদিন সমাবেশ করার অনুমতি নিয়েছি। আমরা সর্বস্তরের জনতা ঐক্যবদ্ধভাবে চট্টগ্রামের শান্তিশৃঙ্খলা রক্ষায় লালদীঘির মাঠে অবস্থান করবো। কেউ নৈরাজ্য করতে চাইলে সেখান থেকেই আমরা কর্মসূচি ঘোষণা করবো।’
জামায়াত ইসলামীর চট্টগ্রাম বিচ্ছিন্ন করার হুমকি প্রসঙ্গে সাবেক মেয়র বলেন, ‘এটা লোক দেখানো আস্ফালন। বিচ্ছিন্ন এসব কথাবার্তা বলে তারা আগেও সরকারকে অনেক ধাক্কা দিতে চেয়েছে কিন্তু পারেনি। চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার শক্তি তাদের নেই।’
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বিরোধী দলের বিভিন্ন নেতা তাদের বক্তব্য-বিবৃতিতে দা-কুড়াল, পদাতিক, গোলন্দাজ ইত্যাদি শব্দ ব্যবহার করে সমগ্র জাতির মাঝে এক ধরনের মানসিক সন্ত্রাসের জন্ম দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এর মাধ্যমে দেশের শান্তি বিঘ্নিত হলে, অগ্রগতির পথে বাধা এলে, সর্বোপরি জাতির স্বাধীনতা-স্বকীয়তায় আঘাত এলে আওয়ামী লীগের অসংখ্য কর্মী বাহিনী ঘরে বসে থাকবে না। দা-কুড়ালের সংস্কৃতির বিরুদ্ধে জনগণকে নিয়ে প্রতিরোধের দুর্গ গড়ে তুলবো।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, রেজাউল করিম চৌধুরী ও এম এ রশিদ, মহানগর পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন চৌধুরী, চসিকের প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, নগর আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, সাবেক ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট এম এ নাসের, আহমেদুর রহমান সিদ্দিকী বাবু, নগর যুবলীগের সাবেক নেতা চন্দন ধর ও মশিউর রহমান।
উল্লেখ্য, হজ পালন শেষে শনিবার রাতে চট্টগ্রাম পৌঁছেন মহিউদ্দিন চৌধুরী। এরপর রোববার দুপুরে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি। এরআগে গত ২৭ সেপ্টম্বর হজের যাওয়ার দিনও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেছিলেন তিনি।