পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

হাসিনা-ক্যামেরন বৈঠক শেষ, সামিট ভেন্যুর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী

Posted on July 22, 2014 | in জাতীয় | by

Photo9282লন্ডন থেকে: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকটি শেষ হয়েছে। বৈঠক শেষে গার্ল সামিট ভেন্যুর উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় দুপুর দেড়টায়) ১০ ডাউনিং স্ট্রিটে প্রবেশ করেন শেখ হাসিনা। বৈঠক শুরুর আগেই শেখ হাসিনার হাতে ওয়ার্ল্ড গার্ল সামিট চার্টার তুলে দেন ডেভিড ক্যামেরন। এরপর তারা বৈঠকে বসেন। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে স্থানীয় সময় সকাল নয়টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর দুইটা ২০ মিনিটে) বের হয়ে গার্ল সামিট ভেন্যুর উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে প্রথমবারের মতো যে গার্ল সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে যোগ দিতে তিনদিনের সফরে লন্ডনে গেছেন শেখ হাসিনা। শর্ন ক্লিফ রোডের ওয়ালওয়ার্থ একাডেমিতে আয়োজন করা হয়েছে এই সামিট। ক্যামেরনের সঙ্গে এই বৈঠকটিই এখন প্রধানমন্ত্রীর লন্ডন সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন প্রধামন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্টরা। বিশেষ করে ৫ জানুয়ারির নির্বাচনের পর ব্রিটিশ সরকার যে নেতিবাচক মনোভাব দেখিয়েছিলো তা থেকে সরে গিয়ে বাংলাদেশের প্রতি ইতিবাচক হয়ে উঠেছে সেটাই এই বৈঠক প্রমাণ করেছে। দুই সরকারপ্রধান দ্বি-পাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়েই কথা বলেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের অগ্রসরতার দিকগুলো তুলে ধরেন। মঙ্গলবারই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ালওয়র্থ একাডেমি যাবেন ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেকের সঙ্গে বৈঠক করতে।

জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিসেফ বাংলাদেশে শিশুদের শিক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা হিসেবে কাজ করে আসছে। ভবিষ্যতে এই সহযোগিতা আরও কিভাবে জোরদার ও বিস্তার করা যায় সে দিকগুলোই বৈঠকে উঠে আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। একাডেমির বাইলেটারাল মিটিং রুমে বেলা ১১টায় এই বৈঠক শুরু হয়ে প্রায় আধাঘণ্টা স্থায়ী হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর পরপরই একই ভেন্যুতে প্রধানমন্ত্রী বৈঠক করবেন যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডেসমন্ড সোয়াইন টিডির সঙ্গে। এরপর দুপুর ১২টায় তিনি যোগ দেবেন গার্ল সামিটে। সামিটের উচ্চ পর্যায়ের সেশনে অংশ নিয়ে নারীর ক্ষমতায়নে ও উন্নয়নে, বিশেষ করে বাল্যবিবাহ রোধে তার সরকারের উদ্যোগ ও অঙ্গীকারগুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার বিকেলেই যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। তবে তারও আগে রয়েছে আরো পৃথক দুটি বৈঠক। বিকেল ৪টায় তার সঙ্গে হোটেলকক্ষে দেখা করবেন যুক্তরাজ্যের শ্যাডো পররাষ্ট্রমন্ত্রী ডগলাস আলেকজান্ডার এবং বিকেল ৫টায় রয়েছে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud