February 22, 2026
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির চেষ্টায় হাসপাতালের আয়া রেহানা পারভীন (২৫) নামে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে হাসপাতাল থেকে ওই আয়াকে আটক করা হয়। রেহানার বাড়ি জেলার মুকসুদপুর উপজেলার গুনহার গ্রামে। বাবার নাম আজিজ মোল্লা। রেহানা হাসপাতালে আউটসোর্সিং পদ্ধতিতে কাজ করতেন। বর্তমানে আউটসোর্সিং সুবিধা বন্ধ থাকার পরও বিনা বেতনে স্বেচ্ছায় তিনি পূর্বের কাজ চালিয়ে আসছিলেন। হাসপাতালের গাইনি বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টার দিকে প্রসব ব্যথা নিয়ে আঁখি নামে এক নারী হাসপাতালে ভর্তি হয়। পরে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সালেহা পারভীন, নার্স উষা গাইন ও আয়া রেহানা ওই কিশোরীর প্রসব করান। পরে নার্সদের চোখের আড়ালে আয়া নবজাতককে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় হাসপাতাল কর্মচারী ও নারীর স্বজনরা আয়াকে ধরে ফেলেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। রাতে ওই আয়া যথারীতি হাসাপাতালে কর্তব্যরত ছিলেন। শুক্রবার সকাল ১১টায় তাকে পুলিশে সোর্পদ করা হয়। গোপালগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অসিত কুমার মল্লিক বলেন, ‘নবজাতক চুরির অভিযোগ পাওয়ায় আয়াকে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।’ গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মনিরুল ইসলাম জানান, নবজাতকটি উদ্ধার করে তার মায়ের কাছে দেওয়া হয়েছে। আয়া রেহানা পুলিশ হেফাজতে আছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।