পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

হালদা পাড়ে ডিম আহরণের উৎসব

Posted on April 21, 2015 | in ব্যবসা-অর্থনীতি | by

5c2c8b2c76663559fb0c6958581b3107-3চট্টগ্রাম: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। সোমবার রাত একটার দিকে হালদা নদীর বিভিন্ন স্পটে ডিম ছাড়ে মা মাছ। এদিকে ডিম আহরণের জন্য হালদা পাড়ে নির্ঘুম রাত কাটিয়েছেন ডিম আহরণকারীরা। ফলে ডিম আহরণকে কেন্দ্র করে হালদা পাড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। হালদা নদীতে প্রায় ২৫০টি নৌকা নিয়ে ডিম আহরণকারীরা ডিম সংগ্রহ করে। তবে আহরণকৃত ডিমের পরিমাণ ছিল কম। হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, হালদা নদীর বিভিন্ন স্পটে মা মাছ ডিম ছেড়েছে। তবে ডিমের সংখ্যা তুলনামূলভাবে কম। গত কয়েকদিন পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত ও নদীতে সামান্য পাহাড়ি ঢলের কারণে ডিম ছাড়ার পরিবেশ তৈরি হলেও ডিম পাওয়া গেছে কম।

হালদা বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া বলেন,‘ডিম কম পাওয়ার কারণ ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ নেই। আবহাওয়া শীতল নয় এবং পাহাড়ি ঢলও প্রবল নয়। ফলে ডিমও পাওয়া গেছে কম। সাধারণত চৈত্র থেকে বৈশাখ ‍মাসে অমাবস্যা, পূর্ণিমা ও অষ্টমী তিথিতে প্রবল পাহাড়ি ঢল ও শীতল আবহাওয়ায় কার্প জাতীয় মাছ নদীতে ডিম ছাড়ে। ’ তবে হালদার কয়েকটি স্পটে আহরণকৃত ডিমের পরিমাণ সন্তোষজনক।

ডিম আহরণকারী কামাল সওদাগর বলেন, ৭টি নৌকা নিয়ে ৩০ বালতি ডিম সংগ্রহ করেছি। ডিম সংগ্রহের পরিমাণ সন্তোষজনক। আজিমের ঘাট এলাকা থেকে পর্যাপ্ত ডিম সংগ্রহ করতে পারলেও বেশ কয়েকটি জায়গায় ডিমের পরিমাণ ছিল কম। এছাড়া গড়দুয়ারা, রামদাস মুন্সির হাট, নয়াহাট, অংকুরী ঘোনা, খলিপা ঘোনা, মধ্যম মাদারশা, বশির মোহাম্মদ সিপাহীর ঘাট, নাপিতের ঘাট এলাকা থেকেও ডিম সংগ্রহ করা হয়েছে।

ডিম দুর্বৃত্তরা যাতে লুট করতে না পারে সেজন্য হালদা নদীর রাউজান ও হাটহাজারী উপজলোর প্রায় ২০ কিলোমিটার অংশে পাহারা বসিয়েছে মৎস্য অধিদপ্তর। উপজেলা মৎস্য বিভাগ ডিম ফুটানোর জন্য হাটহাজারী এলাকায় মদুনাঘাট শাহ মাদারী, মাছুয়াগোনা ও গড়দুয়ারা এবং রাউজানরে কাগতিয়া, মোবারকখীল ও পশ্চিম গহিরা হ্যাচারি প্রস্তুত রেখেছে। এর আগে ২০১২ সালে হালদা থেকে রেণু সংগ্রহের পরিমাণ ছিল ১ হাজার ৬০০ কেজি। পরের বছর ২০১৩ সালে তা কমে দাঁড়ায় ৬২৪ কেজিতে। ২০১৪ সালে এ পরিমাণ আরও কমে দাঁড়ায় ৫০০ কেজি। এবার এ সংখ্যা আরও কমতে পারে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা।
সৌজন্য…. বাংলানিউজ

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud