March 6, 2026
ঢাকা: অস্ট্রেলিয়া দলের নিরাপত্তাহীনতার অজুহাতে সিরিজ স্থগিত করা এবং পর পর দুজন বিদেশি নাগরিক দুর্বৃত্তদের গুলিতে নিহত হবার পর থেকেই উৎকণ্ঠায় আছেন বাংলাদেশে অবস্থানরত অন্যান্য বিদেশি নাগরিকরাও। এই উৎকন্ঠা ছুঁয়েছে জাতীয় ক্রিকেট দলের বিদেশি কোচিং স্টাফদের। তাদের নিয়ে উদ্বেগ আছে বিসিবি কর্মকর্তাদেরও। তাই প্রধান কোচ শ্রীলঙ্কান চান্দিকা হাতুরুসিংহে ও বোলিং কোচ জিম্বাবুইয়ান হিথ স্ট্রিকের জন্য আজ থেকেই নিয়োগ দেওয়া হচ্ছে ‘গানম্যান’।
এ সম্পর্কে বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা হোসেন ইমাম দেশের প্রভাবশালী দৈনিক পত্রিকা প্রথম আলোকে বলেন , ‘চান্দিকা হাথুরুসিংহে ও হিথ স্ট্রিকের নিরাপত্তার জন্য আমরা পুলিশের কাছ থেকে দুজন গানম্যান নিয়েছি। আজ থেকেই তারা দায়িত্ব পালন শুরু করবেন।’ এসব গানম্যান মূলত রাস্তায় চলাচলের সময়ই কোচদের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন ইমাম।
এছাড়া মূলত নিরাপত্তা নিয়ে ভীতির কারণেই এরই মাঝে ছুটি নিয়ে বাংলাদেশ ছেড়েছেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল, একাডেমির অস্ট্রেলিয়ান ফিজিও ব্রেট হর্প এবং হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের অস্ট্রেলিয়ান মহাব্যবস্থাপক স্টুয়ার্ট কার্পিনেন!