পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

হাতিরঝিল এখন বখাটেদের আখড়া

Posted on November 24, 2014 | in জাতীয় | by

ঢাকা: হাতিরঝিলে বখাটে আর মাদক সেবীদের উৎপাত অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। হাতিরঝিলের পরিবেশের এখন বেহাল দশা। ঢাকার যে দু’একটি জায়গায় পরিবার পরিজন নিয়ে বেড়ানো যায় তার একটি হাতিরঝিল হলেও এখন সেখানেও আর বেড়ানো যায় না বখাটে আর মাদকসেবীদের কারণে। কথাগুলো বলছিলেন, মিরপুর থেকে পরিবার নিয়ে হাতিরঝিলে বেড়াতে আসা ব্যাংক কর্মকর্তা সারওয়ার হোসনে। রাতের শহর মানেই হাজার বাতির গল্প। লাল, নীল, হলুদসহ নানা রঙের বাতির ঝলকানির কথা কল্পনা করলেই ভেসে ওঠে হাতিরঝিলের দৃশ্যপট। নানা রঙের আলোর ঝলকানিতে দর্শনার্থীদের কাছে টানে হাতিরঝিলের দৃষ্টিনন্দন নির্মাণশৈলী। কিন্তু রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে হরেক বর্ণের আলোকচ্ছটাও মিইয়ে যেতে থাকে। সেসব স্থান গ্রাস করে অন্ধকার, দুর্বৃত্তপনার কাছে আটকে পড়ে যাবতীয় সৌন্দর্য। ছিনতাইকারী, মাদকসেবী আর ভাসমান দেহজীবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে হাতিরঝিল। রাত যত বাড়তে থাকে ততই যেন নাজুক ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে পরিবেশ।EssayPhoto_3_1151 IMG_5902 main3_0 url

সন্ধ্যা পেরিয়ে আধার নামতেই হাতিরঝিল চলে যায় ভবঘুরে আর মাদকসেবীদের দখলে। উত্তর ও দক্ষিণ দিকে পুলিশের চেকপোস্ট থাকলেও তা কোনো কাজে আসছে না। সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রায় সর্বত্রই ভবঘুরে আর বখাটে মাদকসেবীদের একচ্ছত্র দখলদারিত্ব। কোথাও দল বেঁধে চলছে নেশা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন নজরদারিহীনতায় রাতের হাতিরঝিলে ঘুরে বেড়ানো দূরের কথা, চলাচল করাও অনিরাপদ হয়ে পড়ে। হাতিরঝিল দিন দিনই উপভোগের অযোগ্য হয়ে পড়েছে। দেখা যায়, ঝিলের সংযোগ সেতুর আশপাশেই মাদক বিক্রেতা ও সেবনকারীদের তৎপরতা বেশি। রাতে আলোস্বল্পতার সুযোগে আপত্তিকর কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে কেউ কেউ। হাতিরঝিলকে ঘিরে গড়ে উঠেছে বহুমুখী অপরাধী চক্র।মাদক বাণিজ্য, দেহজীবীদের অবাধ বিচরণ, ছিনতাই, প্রতারণাসহ নানারকম অপরাধ তৎপরতা বেড়েই চলেছে। যত্রতত্র প্রকাশ্যে মাদক সেবন হয়ে পড়ছে মামুলি ব্যাপার। কারওয়ান বাজারের দিক থেকে হাতিরঝিলে প্রবেশপথের ডান দিকে আলোর ব্যবস্থা নেই। এরকম আরও কয়েকটি স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। প্রকল্পের মগবাজার ও তেজগাঁও এলাকার আশপাশে রয়েছে কিছু বস্তি এলাকার সংযোগ। চোরাগোপ্তা পথ তৈরি করা আছে। আর এসব এলাকাকে ঘিরে চলে চুরি, ছিনতাইয়ের মতো অপরাধ। লেকের চারপাশজুড়ে লাগানো সেই সবুজ এখন অনেকটাই বিবর্ণ।

এদিকে, অযত্ন-অবহেলায় শ্রীহীন হাতিরঝিল দিন দিনই অরক্ষিত হয়ে পড়েছে। নির্দিষ্ট কর্তৃপক্ষ গড়ে না ওঠা, রক্ষণাবেক্ষণে অর্থের জোগান না থাকা, মাত্রাতিরিক্ত বখাটেপনা, মাদকসহ অসামাজিক কার্যকলাপের দৌরাত্ম্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির অভাবসহ নানা কারণে হাতিরঝিল এখন পর্যটকদের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। লেকের পানি ময়লা-আবর্জনা, শিল্পবর্জ্য, প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটের কারণে নষ্ট হয়ে যাওয়ায় মাছ চাষের পরিকল্পনা থাকলেও তা বাস্তব রূপ পাচ্ছে না।

সূত্র: বাংলোদেশ প্রতিদিন

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud