May 1, 2026
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে টাকা ও মোবাইল ফোনের লোভে খালাত ভাইকে হত্যা ও গুম করার অপরাধে অপর খালাত ভাইসহ পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বাগেরহাট সদরের পাটরপাড়া গ্রামে তাজ হোসেন মীর ওরফে তাজকে (২৫) হত্যা ও গুমের অপরাধে মঙ্গলবার বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা জরিমানা করেছেন। রায় ঘোষণাকালে আসামিরা সকলে আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— বাগেরহাট সদর উপজেলার পাটরপাড়া গ্রামের মৃত শাহাদাত মীরের ছেলে রিন্টু মীর (২৩), সুন্দরঘোনা গ্রামের তোফাজ্জেল চৌধুরীর ছেলে ফয়েজুল চৌধুরী (২০), ফকির জিয়া উদ্দিন জিয়া (২৮), মান্নান মীর (৫২) ও আলফাজ হোসেন রুবেল (২৮)। মামলায় নূর মোহাম্মদ শেখের ছেলে সহিদ শেখকে (৩৪) আদালত খালাস দিয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ৯ জুন গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার পাটরপাড়া গ্রামের মোহেছেন মীরের ছেলে তাজ হোসেন মীর ওরফে তাজকে তার খালাত ভাই রিন্টু মীরসহ অন্যান্যরা বাড়ি থেকে ডেকে নিয়ে মারপিট করে হত্যা করে। এ সময় তাজের কাছে থাকা একটি অত্যাধুনিক মোবাইল ফোন ও নগদ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে লাশ গুম করে ফেলা হয়।
ওই ঘটনার ১০ দিন পর তাজের সন্ধান না পেয়ে তার মা মুসলিমা বেগম বাগেরহাট সদর থানায় ভাগনে ও বোনসহ চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে রিন্টু মীরকে আটক করা হয়। তিনি আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দেন। রিন্টুর দেখানো স্থান থেকে পুলিশ তাজের লাশ উদ্ধার করে।
ওই ঘটনায় ২০১০ সালের ২৭ ডিসেম্বর বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক এজাহারভুক্ত তিন আসামিসহ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষীদের জবানবন্দী এবং মামলার প্রক্রিয়া সম্পন্নের পর রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন এ্যাডভোকেট মো. আলী।