April 29, 2026
ডেস্ক রিপোর্ট : ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শীয়া। ২০১১ সালে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে মিডিয়ায় যাত্রা শুরু। একই বছর ‘অরুণোদয়ের তরুণ দল’ নাটকে রকস্টার চরিত্রে অভিনয় করে আলোচিত হন। এখন মডেলিং আর অভিনয় নিয়ে ব্যস্ত তিনি।
সম্প্রতি স্পর্শীয়ার একটি ছবি ছড়িয়ে পড়ে অনলাইন তথা ফেসবুকে। পিঠখোলা সেই ছবিতে মন্তব্যের ঝড় বইছে। কেউ কেউ স্বাভাবিকভাবে গ্রহণ করলেও সমালোচনাই হচ্ছে বেশি। ব্যঙ্গ-বিদ্রূপও করছেন অনেকে।
জানা যায়, টিজেড’স স্টোর নামে একটি গয়না বিক্রিকারী প্রতিষ্ঠানের মডেল হন তিনি। প্রতিষ্ঠানটির নেকলেস পরা একটি ছবি বৃহস্পতিবার স্পর্শীয়ার ফেসবুক ফ্যানপেজে আপলোড করা হয়। এরপর থেকেই শুরু হয়েছে মন্তব্যের ঝড়। তবে স্পর্শীয়ার দাবি ফ্যানপেজটি তিনি পরিচালনা করেন না। স্পর্শীয়া কিংবা টিজেড’স-এর পক্ষ থেকে ছবিটি শেয়ার করা হয়নি বলে জানা গেছে। কয়েক মাস আগে তোলা ছবিটি বৃহস্পতিবার কে বা কারা ফেসবুকে আপলোড করেছে তারা জানেন না।
এ ব্যাপারে স্পর্শীয়া দ্য রিপোর্টকে বলেন, ‘প্রথমত এটা আমিই। তবে এটা ন্যুড ছবি নয়। ছবির সামনের দিকটা আমি আজকেই ফেসবুকে আপলোড করব। দ্বিতীয়ত এটা আমার ফেসবুক পেজ থেকে আপলোড করা হয়নি। ওই পেজটি আমি নিয়ন্ত্রণ করি না। ফেসবুকে আমার আইডি ছাড়া আর কোনো পেজ নেই। যেভাবেই হোক ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে আমার আপত্তি নেই। আর বাজে মন্তব্যের ব্যাপারে কিছু বলার নেই। কারণ সবার দেখার চোখ এক নয়।’