পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সর্বাত্মক অনাস্থায় সাকিরও ভোট বর্জন

Posted on April 28, 2015 | in রাজনীতি | by

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন প্রক্রিয়ার প্রতি সম্পূর্ণ অনাস্থা জানিয়ে সিটি নির্বাচনের ভোট বর্জন করেছেন ঢাকা উত্তরের মেয়র প্রার্থী জোনায়েদ সাকি (জোনায়েদ আবদুর রহিম সাকি)।10_Junaid+Saki_Election+campaign_Gulshan_230415_0002
নির্বাচনকে ‘তামাশা’ ও ‘প্রহসন’ বলে এই নির্বাচন ও এর ফলাফল প্রত্যাখ্যান করেছেন তিনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর হাতিরপুলে তার দল গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
নির্বাচনে জাল ভোট, প্রশাসনের পক্ষপাতিত্ব, পেশীশক্তির প্রভাব, পোলিং এজেন্ট বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে জোনায়েদ সাকি বলেন, সকাল থেকেই এ ধরনের কার্যকলাপ চলে আসছিল। কিন্তু আমরা পর্যবেক্ষণ করছিলাম। এ পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। স্বভাবতই প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ ও পেশীশক্তির প্রভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত হবে। তাই আমি নির্বাচন ও এর ফলাফল প্রত্যাখ্যান করছি।
তিনি অভিযোগ করে বলেন, সকালে ভোটগ্রহণের শুরু থেকেই আমাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছিল। ভোটকেন্দ্র তালাবদ্ধ করে পুরোদমে জাল ভোট দেওয়া হয়েছে। ৪০টি কেন্দ্র থেকে আমাদের পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে। সাংবাদিকদেরও তাদের পেশাগত দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি।
সাকি বলেন, মনোনয়ন পাওয়ার পর যখন থেকে আমরা প্রচারণায় নেমেছিলাম, তখন থেকেই ভাবছিলাম এ ধরনের ঘটনা ঘটবে, কারণ নির্বাচন কমিশন (ইসি) কখনো নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। কোনো অবিচারের প্রতিকার করতে পারেনি তারা। আজও এসব কার্যকলাপে ইসি নীরব ছিল। জাল ভোট দেওয়ার সময়, পোলিং এজেন্ট বের করে দেওয়ার সময় তাদের কোনো ভূমিকাই ছিল না।
তিনি বলেন, সকালে আমি যখন মগবাজারের ইস্পাহানি গার্লস স্কুলকেন্দ্রে ভোট দিতে গিয়েছিলাম, তখন থেকেই এ অনিয়ম-জালিয়াতি লক্ষ্য করি। আমি এই নির্বাচনে সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করছি। এই নির্বাচন তামাশা ও প্রহসনের নির্বাচনে পরিণত হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সাকির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক আহমেদ কামাল, সমন্বয়কারী আবুল হাসান রুবেল, সদস্য অরূপ রাহী, তসলিমা আখতার প্রমুখ।
সূত্র : আরনটিএনএন

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud