February 23, 2026
ঢাকা : সরকারের বিশেষ উদ্যোগে অবশেষে প্রতারিত হজযাত্রীরা হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। ইতোমধ্যে সৌদি এয়ারলাইন্সের বিমানযোগে ৭৪ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ ক্যাম্পের আইটি বিভাগ। ট্রাভেলস এজেন্সির মাধ্যমে হজে যেতে গিয়ে কমপক্ষে ৮৫০ জন হজযাত্রী প্রতারণার শিকার হন। তবে, সরকারি হিসাব মতে এই সংখ্যা ৬ শ’র বেশি হবে না। তাদের সবাইকে বিশেষ ব্যবস্থায় হজে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন হজ ক্যাম্পের সহকারী কর্মকর্তা আব্দুল মালেক। তিনি বলেন, এখন পর্যন্ত প্রতারিত ৩৯১ জন হজযাত্রীর সৌদি এয়ারলাইন্সের টিকিট নিশ্চিত হয়েছে। অবশিষ্টরাও টিকিট পাবেন। হজ পালন করতে পারবেন বলে আশা করেছেন ওই কর্মকর্তা। রকারের বিশেষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রতারিত হজযাত্রীরা। তারা প্রতারক ট্রাভেলস এজেন্সির মালিক-কর্মকর্তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। সরকারি এই সিদ্ধান্তের আগে রবিবার রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে গিয়ে দেখা যায়, তাদের চোখেমুখে ছিল দুশ্চিন্তার ছাপ। এখন তাদের সেই চোখেমুখে উচ্ছ্বাসের বলিরেখা ফুটে উঠেছে।