February 16, 2026
সবখাতে চাঁদাবাজি বন্ধের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দিয়েছে পণ্য পরিবহন মালিক ও শ্রমিকরা। মালিক-শ্রমিকরা প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে পণ্যবাহী গাড়িতে পুলিশের চাঁদাবাজির চিত্র তুলে ধরেন। পণ্যবাহী পরিবহন খাত বাঁচানোর অনুরোধ করেন তারা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজের নির্বাচনী এলাকায় ওই সংবর্ধনা অনুষ্ঠানে শুধু পরিবহন খাতে চাঁদাবাজি নয়, সবখাতে চাঁদাবাজি বন্ধে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। ট্রাক-কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। পরিবহন খাতে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, “শুধু ট্রাকে চাঁদাবাজিই নয়, সর্বস্তরে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাস দমন করা হবে। কোন কোন এলাকায় চাঁদাবাজি হচ্ছে, কারা করছে, তার তালিকা দিতে হবে।” অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, “কোন গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না। যারা গুম হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে তারা নিজেরাই আত্মগোপনে গেছে।”