May 27, 2026
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার সংবিধানের ষোড়শ সংশোধনী করেছে। এর মাধ্যমে সুপ্রিম কোর্টসহ সব আদালত সরকার রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করছে।’
রোববার সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে আইনজীবীদের বিক্ষোভ ও কালো পতাকা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করার দাবিতে বার কাউন্সিল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এ বিক্ষোভ ও কালো পতাকা মিছিলের আয়োজন করে।
মাহবুব উদ্দিন খোকন আগামীকাল সোমবার সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল চেয়ে বিএনপির ডাকা হরতালে সমর্থন জানাতে দেশের সকল আইনজীবীকে আদালত বর্জনের আহ্বান জানান।
বার কাউন্সিলের আরেক সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি তার বাবার করা আইনও মানেন না ।
তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমান বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দিয়েছিলেন। আর শেখ হাসিনা সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল বাতিল করে সংসদের হাতে ক্ষমতা দিয়েছেন।’
সুপ্রিম কোর্ট বারের সহ-সভাপতি এম খালেদ আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন অ্যাডভোকেট জাকির ভূঁইয়া, অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ, অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট এম খালেদ আহমেদ, অ্যাডভোকেট রকিব রব চৌধুরী, অ্যাডভোকেট সাইফুর রহমান প্রমুখ।